এপিবিএনের তিন সদস্য রিমান্ডে

আপডেট : ২২ আগস্ট ২০২০, ২২:৫১

মেজর সিনহা হত্যা মামলায় রিমান্ডপ্রাপ্ত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) তিন সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে তদন্তকারী সংস্থা র্যাব। গতকাল শনিবার বেলা পৌনে ১২টার দিকে তাদের কক্সবাজার জেলা কারাগার থেকে বের করে র্যাব হেফাজতে নেওয়া হয়। এপিবিএনের এ তিন সদস্যকে গত ১৮ আগস্ট গ্রেফতারের পর আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে সাত দিনের রিমান্ড আদেশ দেন তামান্না ফারাহর আদালত।

কক্সবাজার জেলা কারাগারের সুপার মো. মোকাম্মেল হোসেন জানান, আদালতের আদেশে তিন জনকে র্যাব নিয়ে গেছে। এরা হলেন—আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপপরিদর্শক শাহাজাহান, কনস্টেবল রাজিব ও আব্দুল্লাহ। এরা তিন জনই হত্যাকাণ্ডের রাতে শামলাপুর চেকপোস্টে দায়িত্বরত ছিলেন।

প্রসঙ্গত, গত ৩১ জুলাই রাতে টেকনাফের মারিশবুনিয়া পাহাড়ে ভিডিওচিত্র ধারণ করে মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজারের হিমছড়ি এলাকার নীলিমা রিসোর্টে ফেরার পথে শামলাপুর তল্লাশি চৌকিতে গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মো. রাশেদ। এ ঘটনায় ওসি প্রদীপসহ মামলায় অভিযুক্ত তিন আসামি র্যাব হেফাজতে রয়েছেন। অন্য চার পুলিশ সদস্য এবং পুলিশের দায়ের করা মামলার তিন সাক্ষী রিমান্ড শেষে এখন কারাগারে আছেন।