ঢাকা ও পাবনার উপনির্বাচনসহ বিভিন্ন নির্বাচনের সিদ্ধান্ত আজ

আপডেট : ২২ আগস্ট ২০২০, ২২:৫৩

ঢাকা-১৮ ও পাবনা-৪ আসনে উপনির্বাচনের তারিখ নির্ধারণে আজ রবিবার বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠকে অন্যান্য সংসদীয় আসনের উপনির্বাচন এবং স্থানীয় সরকারের বিভিন্ন পদের নির্বাচন নিয়েও আলোচনা হবে। আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে বিকাল ৩টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলির সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন ৯ জুলাই থাইল্যান্ডের একটি হাসপাতালে মৃত্যুবরণ করলে শূন্য হয় ঢাকা-১৮ আসন। এ আসনের ভোটের জন্য ৬ অক্টোবর পর্যন্ত সময় আছে। করোনা মহামারিজনিত দৈবদুর্বিপাকের কারণে এই সময়ের মধ্যে ভোট না করলে সিইসি হাতে পরবর্তী ৯০ দিনেও ভোট করার ক্ষমতা রয়েছে। এক্ষেত্রে ১৪ জানুয়ারি পর্যন্ত সময় পাবে ইসি।

সাবেক আওয়ামী লীগ নেতা সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু ২ এপ্রিল ঢাকার একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেলে পাবনা-৪ আসনটি শূন্য হয়। করোনার কারণে প্রথম ৯০ দিনে ভোট করেনি ইসি। এক্ষেত্রে পরবর্তী ৯০ দিনের হিসাব অনুযায়ী, আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে ভোটগ্রহণ করতে হবে।

বৈঠকের নোটিশে বলা হয়েছে, এদিন ঐ দুইটি উপনির্বাচন ছাড়াও অন্যান্য নির্বাচন নিয়ে আলোচনা হবে। আরো তিনটি সংসদীয় আসনের উপনির্বাচন সম্পন্ন করতে হবে ইসিকে।

৬ মে হাবিবুর রহমান মোল্লা মৃত্যুবরণ করলে ঢাকা-৫ আসনটি শূন্য হয়। এ আসনেও করোনার কারণে ভোট করেনি ইসি। এখানেও পরবর্তী ৯০ দিনের হিসেব অনুযায়ী ভোট করতে হবে ১ নভেম্বরের মধ্যে। এছাড়া সিরাজগঞ্জ-১ আসনেও পরবর্তী ৯০ দিনের মধ্যে ভোটের সিদ্ধান্ত দিয়েছেন কমিশন। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত এ আসনে ভোটের সময় পাওয়া যাবে। সিরাজগঞ্জ-১ আসনটি শূন্য হয় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ নাসিম ১৩ জুন মারা গেলে।

সম্প্রতি নওগাঁ-৬ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য ইসরাফিল আলম করোনা আক্রান্ত হয়ে মারা গেলে আসনটি শূন্য হয়। সে অনুযায়ী, ৯০ দিনের হিসেবে ২৪ অক্টোবরের মধ্যে ভোট করার বাধ্যবাধকতা রয়েছে। আর সিইসি তার ক্ষমতা প্রয়োগ করলে এ আসনে ভোটের সময় পাওয়া যাবে ২০২১ সালের ২২ জানুয়ারি পর্যন্ত। এসব নির্বাচন ছাড়াও স্থানীয় সরকারের প্রায় ২০০ পদে নির্বাচন নিয়ে আলোচনা হবে।