উড়োজাহাজের গতি ও বিশালত্বের এই যুগে দিল্লি থেকে লন্ডন বাস যাত্রার কথা শুনেই অনেকে চমকে উঠতে পারেন। এত দূরের পথে আসলেই কী বাসে করে যাওয়া সম্ভব! ভারতীয় সংবাদমাধ্যম জি-নিউজ জানাচ্ছে, গুরগাঁওয়ের ‘অ্যাডভেঞ্চার ওভারল্যান্ড ট্যুর অ্যান্ড ট্র্যাভেল’ সংস্থা এবার দিল্লি থেকে লন্ডন পর্যন্ত বাস সার্ভিস চালু করছে।
জি-নিউজ জানিয়েছে, গত ১৫ আগস্ট এই বাস সার্ভিসের ঘোষণা দেওয়া হয়। প্রতিষ্ঠানের দুই কর্ণধার তুষার ও সঞ্জয় মাদান গত তিন বছর দিল্লি থেকে লন্ডন সড়কপথে গিয়েছিলেন। তারাই এই রোমাঞ্চভরা পদক্ষেপ নিলেন।
দিল্লি থেকে লন্ডনগামী বাস যাবে অনেকগুলো দেশের ওপর দিয়ে। ভারত থেকে মিয়ানমার, থাইল্যান্ড, লাওস, চিন, কিরগিজস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান, রাশিয়া, লাটবিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ফ্রান্স হয়ে যুক্তরাজ্যে যাবে বাসটি।
৭০ দিনের এই সফরে থাকবে সবরকম ব্যবস্থা। সংস্থাটি যাত্রীদের বিভিন্ন দেশে ফোর বা ফাইভ স্টার হোটেলে থাকার ব্যবস্থা করে দেবে। এছাড়া এই সফরে যাওয়ার জন্য মোট দশটি দেশের ভিসা থাকা জরুরি। যাত্রীদের ভিসার ব্যবস্থাও করে দেবে সংস্থাটি।
২০ সিটের এই বাসে থাকবে বিশেষ ব্যবস্থা। ২০ জন যাত্রী ছাড়াও থাকবেন চালক, সহকারী চালক, অ্যাটান্ডান্ট ও গাইড। একেক দেশে একেকজন গাইড থাকবেন। এ ছাড়া প্রতিটি সিট হবে বিজনেস ক্লাসের।
বাস টু লন্ডন পরিষেবায় চারটি ক্যাটাগরি থাকবে। কেউ যদি লন্ডন পর্যন্ত না যেতে চান তা হলেও সমস্যা নেই। তিনি কয়েকটি দেশ ঘুরে নিজস্ব উদ্যোগে ফিরে আসতে পারেন। সেক্ষেত্রে একরকম প্যাকেজ ধার্য করা হবে। তবে লন্ডন পর্যন্ত সফর করতে হলে একেকজনের খরচ হবে ১৫ লাখ টাকা।
