গতকাল শনিবার ময়মনসিংহের ভালুকায় বাসের সঙ্গে একটি প্রাইভেটকারের সংঘর্ষ হলে গাড়ির আরোহী একই পরিবারের চার জনসহ ছয় জন নিহত হয়েছেন। এছাড়া পৃথক দুর্ঘটনায় দেশের বিভিন্ন স্থানে মারা গেছেন আরো ছয় জন।
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, গতকাল শনিবার সকালে ময়মনসিংহের ভালুকায় বাসের সঙ্গে একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হলে চালকসহ গাড়ির ছয় আরোহী নিহত হন। নিহতরা হলেন গাজীপুর জেলার জয়দেবপুর থানার রদ্দৌপুর গ্রামের আ. করিমের স্ত্রী হাছিনা (৩০), তার শাশুড়ি জান্নাতী (৬০), তার বোন নাজমা বেগম (২৬), হাছিনার শিশুপুত্র হাছিবুল (৪), প্রাইভেটকারচালক মনির (৩০) ও ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বিল্লাল হোসেন (৪৯)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল সাড়ে ৮টার দিকে ভালুকা সরকারি কলেজের সামনে ময়মনসিংহগামী প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো-খ-১৫-০১৫৯) ইউটার্ন নেওয়ার সময় হালুয়াঘাট থেকে ছেড়ে আসা ইমাম পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো-ব-১২-০৭৩৩) সঙ্গে সেটির সংঘর্ষ হয়। এতে গাড়িটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই একই পরিবারের চার জন, প্রাইভেটকারের চালকসহ মোট ছয় জন নিহত হন। দুর্ঘটনার খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী ও পুলিশ এসে প্রাইভেটকারটির বিভিন্ন অংশ কেটে একঘণ্টা চেষ্টা চালিয়ে নিহতদের লাশ উদ্ধার করে। ঐ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে প্রায় ২ ঘণ্টা যানচলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভালুকা হাইওয়ে পুলিশের ইনচার্জ জহির উদ্দিন মোহাম্মদ তৈমুর আলী জানান, নিহতদের লাশ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। ভালুকা মডেল থানার ওসি মো. মাইন উদ্দিন জানান, বাসের চালক পালিয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
নান্দাইলে দুই ট্রাকের সংঘর্ষে নিহত দুই
নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, শনিবার সকালে নান্দাইল উপজেলার তসরা এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে দুটি ট্রাকের সংঘর্ষের ঘটনায় দুই জন নিহত হয়েছেন। নিহতরা হলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ঘাগড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মোস্তাকিম (২০) ও একই গ্রামের আব্দুল খালেকের ছেলে ছাইদুল মিয়া (৩৫)। দুর্ঘটনায় আহত চার জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, গরুবোঝাই একটি ট্রাকের সঙ্গে কাচবোঝাই ট্রাকের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
গাজীপুরে স্কুলছাত্রের মৃত্যু
গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে কোনাবাড়ী-নরসিংহপুর সড়কের সুড়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাকিন অপু (১৬) ময়মনসিংহের ফুলপুর থানার ভাট্টা গ্রামের আবদুল আজিজের ছেলে। সে কাশিমপুর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। স্থানীয়রা জানান, স্কুলছাত্র মোস্তাকিন মোটরসাইকেল নিয়ে সাভারের নরসিংহপুর থেকে কাশিমপুরের সুড়াবাড়ী এলাকার বাসায় ফিরছিল। এ সময় রাজধানীর মিরপুরগামী কিরনমালা পরিবহনের বাসের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে সড়কের ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মোস্তাকিন মারা যায়। গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার উপ-পরিদর্শক তাপস কুমার ওঝা জানান, নিহতের মৃতদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল মর্গে পাঠানো হয়েছে। চালকসহ বাসটি আটক করা হয়েছে।
চট্টগ্রামে মাছ ব্যবসায়ী নিহত
চট্টগ্রাম অফিস জানায়, নগরীর চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকায় গতকাল শনিবার একটি ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে মো. ইউনুচ নামে এক মাছ ব্যবসায়ী নিহত হন। দুর্ঘটনায় আহত হন আরো তিন জন। আহতরা হলেন—মো. আরিফ, মো. মোরশেদ ও মো. অভি। নিহত মো. ইউনুচের বাড়ি আনোয়ারা উপজেলার উঠান মাঝির বাড়ি এলাকায়।
মোরেলগঞ্জে কৃষক নিহত
মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা জানান, বাগেরহাট-মোরেলগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আমতলায় শনিবার সড়ক দুর্ঘটনায় হবি খান (৭৫) নামে এক কৃষক নিহত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বলইবুনিয়া গ্রামের কৃষক হবি খান ধান রোপণের উদ্দেশে জমির দিকে যাচ্ছিলেন। রাস্তা পার হওয়ার সময় মাছ বহনকারী একটি মোটরসাইকেল পেছন থেকে তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর জখম হন। তাকে চিকিত্সার জন্য খুলনা মেডিক্যালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
সিরাজদিখানে গাড়ি চাপায় পথচারী নিহত
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা জানান, শুক্রবার রাতে ঢাকা-মাওয়া মহাসড়কের সিরাজদিখান উপজেলার নিমতলা নামক স্থানে গাড়ি চাপা পড়ে অনিক শেখ (২৩) নামে একজন পথচারী মারা গেছেন। নিহত অনিক শেখ উপজেলার কেয়াইন ইউনিয়নের বড়ই হাজী গ্রামের আবুল হোসেনের ছেলে। এ ঘটনায় চালকসহ প্রাইভেট কারটি আটক করেছে হাসাড়া হাইওয়ে থানা পুলিশ। অনিক শেখের চাচাতো ভাই মো.লোকমান হোসেন জানান, অনিক নিমতলা সিঙ্গার কোম্পানিতে চাকরি করত। ডিউটি শেষে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে ।
ত্রিশালে দুর্ঘটনায় ছয় গরু নিহত
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, গতকাল শনিবার ভোর রাতে ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এক দুর্ঘটনায় ছয়টি গরু নিহত হয়েছে। জানা গেছে, জামালপুরের বকশিগঞ্জ উপজেলার পাথরের চর এলাকা থেকে ২৮টি গরু নিয়ে একটি ট্রাক হেমায়েতপুর যাচ্ছিল। ত্রিশালের রাঙ্গামাটি নামক স্থানে গরুর ট্রাকটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ট্রাকের ছয় গরু নিহত ও হেলপারসহ চার জন গুরুতর আহত হন। আহতরা ময়মনসিংহ মেডিক্যালে চিকিত্সাধীন রয়েছেন।
