গ্রেনেড হামলায় রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হয়েছিল ------ ওবায়দুল কাদের

আপডেট : ২২ আগস্ট ২০২০, ২২:৫৭

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, হাওয়া ভবনের ছক অনুযায়ী শেখ হাসিনাকে হত্যা করতে পারেনি বলেই বিএনপি একুশে আগস্টের হত্যাকে দুর্ঘটনা বলছে। গতকাল শনিবার সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবন থেকে রাজশাহী সড়ক জোনের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি আরো বলেন, ‘বিএনপির নেতারা দিবালোকের মতো সত্যকে বিকৃত করে বলছে, একুশে আগস্ট নাকি দুর্ঘটনা। একুশে আগস্টের গ্রেনেড হামলায় রাষ্ট্রযন্ত্রকে পরিকল্পিতভাবে ব্যবহার করে হামলা চালানো হয়েছিল। যা ছিল ১৫ আগস্টের হত্যাকাণ্ডেরই ধারাবাহিকতা। একুশে আগস্টের টার্গেট ছিল দেশরত্ন শেখ হাসিনা।’ মুক্তিযুদ্ধের     চেতনাকে মুছে দেওয়ার লক্ষ্যেই এই হামলা করা হয়েছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, মুফতি হান্নানসহ অন্যদের বক্তব্য এবং দালিলিক প্রমাণে বেরিয়ে এসেছে কারা এর পেছনে মদত দিয়েছে, কারা বৈঠক করেছে, ষড়যন্ত্র করেছে। এ হামলার মাস্টারমাইন্ড হাওয়া ভবন, তাদের নির্দেশেই এই হামলা। বিএনপির শীর্ষ নেতৃত্ব সবই জানত। তারা আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে চেয়েছিল।

করোনা ভাইরাস শিগিগরই চলে যাবে বা চলে যাচ্ছে—এমন মনে করার কোনো যৌক্তিক কারণ নেই জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘ইউরোপের অনেক দেশে দ্বিতীয় ওয়েভ শুরু হয়ে গেছে। আমাদের দেশেও যে কোনো সময়ে পরিস্থিতির আরো অবনতি কিংবা দ্বিতীয় ওয়েভ শুরু হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তাই স্বাস্থ্যবিধির প্রতি অবহেলা প্রদর্শন বিপর্যয়ের ঝুঁকি বাড়াতে পারে।’

বিআরটিএ মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময়ের সুপারিশ মন্ত্রণালয় হয়ে কেবিনেট ডিভিশনে প্রেরণ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘সরকার করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচলের অনুমতি দেয়। শুরুতে কিছু পরিবহন প্রতিশ্রুতি মেনে চললেও এখন অনেকেই মেনে চলছে না। আসন খালি না রাখলে এবং স্বাস্থ্যবিধি না মানলে যাত্রী সাধারণ অতিরিক্ত ভাড়া কেন দেবে?’

এদিকে ওবায়দুল কাদের গতকাল বিকালে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ছাত্রলীগ আয়োজিত ২১শে আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষ্যে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, এই হামলা কোনো দুর্ঘটনা নয়, পরিকল্পিত রাষ্ট্রীয় সন্ত্রাস। ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রমুখ।