আড়াই কোটি টাকায় বিক্রি হলো গান্ধীর চশমা

আপডেট : ২২ আগস্ট ২০২০, ২২:৫৯

যুক্তরাজ্যের এক বাসিন্দার বাসার ড্রয়ারে প্রায় ৫০ বছর ধরে পড়ে ছিল ভারতের স্বাধীনতার নেতা মোহনদাস করমচাঁদ গান্ধীর এক জোড়া চশমা। সোনা খোদাই করা সেই চশমা জোড়া নিলামে আড়াই কোটি টাকার (২ লাখ ৬০ হাজার পাউন্ড) বেশি মূল্যে বিক্রি হয়েছে। শুক্রবার ছয় মিনিটের টেলিফোন নিলামে আমেরিকান একজন সংগ্রাহক চশমা জোড়া কিনে নেন।

নিলামকারী অ্যান্ড্রু স্টো বলেছেন, ইস্ট ব্রিস্টল অকশন হাউজের জন্য এটা রেকর্ড। ধারণা ছিল, চশমা জোড়া সর্বোচ্চ ১৫ হাজার পাউন্ডে (১৫ লাখ টাকারও বেশি) বিক্রি হতে পারে। কিন্তু সেটির দাম যে এতো বেশি হবে, তা ভাবেননি বিক্রেতা। অ্যান্ড্রু স্টো জানান, গান্ধীর চশমা জোড়ার মালিক ব্রিটেনের ম্যাঙ্গোসফিল্ড এলাকার বয়স্ক ব্যক্তি। লকডাউনের              সময় তিনি বাসা পরিষ্কার করতে গিয়ে চশমা জোড়া খুঁজে পান। তবে চশমার পিছনে প্রচলিত গল্প হচ্ছে, এই চশমাগুলোর যে আসল মালিক, তারা ১৯১০-১৯৩০ এর মধ্যে ব্রিটিশ পেট্রোলিয়ামের হয়ে দক্ষিণ আফ্রিকায় কর্মরত ছিলেন। সে সময় কোনোভাবে তারা গান্ধীজির সংস্পর্শে আসেন এবং তার ব্যবহূত চশমা উপহার পান।

চশমা খুঁজে পাওয়ার পর মালিক নিলাম করতে অ্যান্ড্রু স্টোর নিলাম প্রতিষ্ঠানকে দেন। কারণ তিনি চেয়েছিলেন, চশমা জোড়া এমন কেউ কিনুক, যিনি এর ঐতিহাসিক মূল্য বুঝবেন। কিন্তু তিনি কল্পনাও করেননি যে, এর দাম এতো উঠতে পারে। স্টো বলেছেন, এটা ব্যতিক্রমী। এই চশমা শুধু আমাদের জন্য বিক্রির রেকর্ড তৈরি করেনি, এটার আন্তর্জাতিক ঐতিহাসিক গুরুত্বও তুলে ধরেছে। সাদা একটি ইনভেলাপের ভেতর ঢোকানো চশমা জোড়া ইস্ট ব্রিস্টল নিলাম হাউজের চিঠিপত্রের বাক্সে শুক্রবার রাত থেকে পড়ে ছিল। সোমবার সকালে খামটি খোলা হয়। তিনি বলেন, এটা খুব সহজেই চুরি হয়ে যেতে পারত, ভেঙে যেতে পারত কিংবা আবর্জনার বাক্সেও চলে যেতে পারত। - বিবিসি ও এনডিটিভি