দুই বছরের মধ্যে করোনা ভাইরাস দূর হওয়ার আশা ডব্লিউএইচও প্রধানের

আপডেট : ২২ আগস্ট ২০২০, ২৩:০০

দুই বছরের মধ্যে করোনা ভাইরাস মহামারি শেষ হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস অ্যাধনম গেব্রেইয়েসাস। জেনেভায় শুক্রবার তিনি বলেন, ১৯১৮ সালের স্প্যানিশ ফ্লু দুই বছরের মধ্যে শেষ হয়ে গিয়েছিল। খবর বিবিসির

মহাপরিচালক বলেন, বর্তমান বিশ্বের উন্নত প্রযুক্তি এই ভাইরাসটিকে তার চেয়েও কম সময়ে আটকে দিতে পারবে বলে তিনি আশা করছেন। অবশ্যই উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে ভাইরাসের ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু একই সময়ে এটা দমন করার মতো প্রযুক্তি ও জ্ঞান আমাদের আছে। এ ব্যাপারে জাতীয় সংহতি এবং বৈশ্বিক একতার ওপর তিনি গুরুত্ব দেন।

১৯১৮ সালের ভয়াবহ ফ্লুতে বিশ্বে অন্তত ৫ কোটি মানুষের মৃত্যু হয়েছিল। করোনায় এ পর্যন্ত বিশ্বে প্রায় ৮ লাখ মানুষের মৃত্যু হয়েছে এবং ২ কোটি ২৯ লাখ মানুষ আক্রান্ত। করোনা মহামারির সময় পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) নিয়ে যেসব দুর্নীতির ঘটনা ঘটছে, এসংক্রান্ত একটি প্রশ্নের জবাবে তিনি একে ‘অপরাধ’ বলে বর্ণনা করেছেন। যেকোনো ধরনের দুর্নীতিই অগ্রহণযোগ্য উল্লেখ করে তিনি বলেন, পিপিই নিয়ে দুর্নীতি আসলে একটা হত্যাকাণ্ড। কারণ স্বাস্থ্যকর্মীরা যদি পিপিই ছাড়া কাজ করে, আমরা তাদের জীবনের ঝুঁকি নিচ্ছি। সেই সঙ্গে যাদের তারা সেবা দিচ্ছেন, তাদের জীবনকেও ঝুঁকিতে ফেলছি।