নরসিংদীতে আবাসিক হোটেলে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

আপডেট : ২২ আগস্ট ২০২০, ২৩:০০

নরসিংদীতে আবাসিক হোটেলে রেশমী আক্তার (৩০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে স্বামী। গতকাল শনিবার শহরের বাজিড় মোড় এলাকার আল মামুন হোটেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সামসুল হককে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের লহরি এলাকার সামসুল হকের সঙ্গে স্ত্রী দুই সন্তানের জননী রেশমী আক্তারের পারিবারিক কলহ চলছিল। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় রেশমী আক্তার দুই বছর ধরে একাই নরসিংদী শহরের বিলাসদী মহল্লার একটি ভাড়া বাড়িতে আলাদা বসবাস করতেন। গতকাল সামসুল হক নবীনগর থেকে এসে তার স্ত্রী রেশমী আক্তারকে ফোন করে শহরের আল মামুন আবাসিক হোটেলে যেতে বলেন। স্বামীর কথামতো স্ত্রী রেশমী ঐ হোটেলের কক্ষে গেলে সেখানে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে রেশমীকে কুপিয়ে হত্যা করে সামসুল হক। খবর পেয়ে পুলিশ রেশমী আক্তারের মরদেহ উদ্ধার ও তার স্বামীকে আটক করেছে।

নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার দত্ত চৌধুরী জানান, ময়নাতদন্তের জন্য গৃহবধূর মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামী সামসুল হককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।