নিরাপত্তা পরিষদের ১৫ দেশের ১৩টিই যুক্তরাষ্ট্রের বিপক্ষে

আপডেট : ২৩ আগস্ট ২০২০, ০০:২৬

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আবারও একা হয়ে পড়ল যুক্তরাষ্ট্র। ইরানের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ইস্যুতে পরিষদের স্থায়ী ও অস্থায়ী মিলে ১৫ সদস্য রাষ্ট্রের ১৩টিই যুক্তরাষ্ট্রের বিপক্ষে অবস্থান নিয়েছে। তারা ওয়াশিংটনের দাবির আইনগত ভিত্তি নেই বলে দাবি করেছে। খবর রয়টার্সের

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও অতিসম্প্রতি বলেছিলেন, তিনি ক্ষণগণনা শুরু করেছেন। ৩০ দিনের মধ্যেই ইরানের ওপর আবার জাতিসংঘের নিষেধাজ্ঞা ফিরে আসবে। এমনকি অস্ত্র নিষেধাজ্ঞাও জারি করা হবে। কিন্তু এরই মধ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং বেলজিয়াম এর বিপক্ষে থাকার কথা জানিয়েছে। এছাড়া চীন, রাশিয়া, ভিয়েতনাম, নাইজার, সেইন্ট ভিনসেন্ট, দক্ষিণ আফ্রিকা, ইন্দোনেশিয়া, এস্তোনিয়া এবং তিউনিশিয়া লিখিতভাবে তাদের বিরোধিতার কথা জানিয়েছে।

কূটনীতিকরা জানিয়েছেন, রাশিয়া, চীন এবং অন্য দেশ ইরানের ওপর ফের নিষেধাজ্ঞা দিতে নারাজ। যদিও শুক্রবার মাইক পম্পেও চীন ও রাশিয়াকে হুঁশিয়ারি দিয়েছিলেন, তারা যদি ইরানের ওপর নিষেধাজ্ঞায় সমর্থন না দেয় তাহলে কঠিন পরিণতি ভোগ করতে হবে। তবে অন্য দেশ বলছে, ২০১৫ সালে ইরানের সঙ্গে করা আন্তর্জাতিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্র ২০১৮ সালেই সরে দাঁড়িয়েছে। ফলে সেই চুক্তি লঙ্ঘনের অভিযোগে ইরানের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার আইনগত অধিকার যুক্তরাষ্ট্রের নেই। এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ইরানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞার প্রস্তাব দিলেও সেটি নাকচ হয়ে গিয়েছিল।