১৪৩ জন আমাকে ধর্ষণ করেছে

আপডেট : ২৩ আগস্ট ২০২০, ০০:৩৪

দক্ষিণ ভারতের হায়দ্রাবাদ শহরের এক নারী পুলিশের কাছে অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে তাকে অন্তত ১৪৩ ব্যক্তি ধর্ষণ করেছে। ঐ নারীর লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হায়দ্রাবাদ পুলিশ। পাঞ্জাগুট্টা থানার ওসি এম নিরঞ্জন রেড্ডি বলেন, ঐ যুবতি ৪২ পাতার লিখিত অভিযোগ নিয়ে এসেছিলেন। তার সঙ্গে কথা বলে আমরা নিশ্চিত যে, যুবতির মানসিক সমস্যা নেই। সে জন্যই অভিযোগ আমলে নিয়ে তদন্ত শুরু করেছি।

অভিযোগপত্রে ঐ নারী লিখেছেন, ২০০৯ সালে খুব কম বয়সে তার বিয়ে হয়। তার কয়েক মাস পর থেকেই শারীরিক নির্যাতন শুরু করে শ্বশুবাড়ির লোক। প্রায় ৯ মাস ধরে যৌন নির্যাতন সহ্য করার পরে ২০১০ সালে তার বিবাহবিচ্ছেদ হয় এবং তিনি বাপের বাড়িতে ফিরে গিয়ে কলেজে ভর্তি হন। তারপর থেকেই রাজনৈতিক নেতা, ছাত্রনেতা, সংবাদকর্মী, চলচ্চিত্র জগতের মানুষ নিয়মিত তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ জানিয়েছেন যুবতি। অভিযোগপত্রে তিনি ১৩৯ জনের নাম উল্লেখ করেছেন, আর বাকি চার জনের নাম মনে করতে পারেননি ঐ নারী। তিনি বলেন, শারীরিক সম্পর্কের ছবি তুলে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। অভিযুক্তরা তাকে ভয় দেখিয়ে দীর্ঘদিন চুপ করিয়ে রেখেছিল বলেও জানিয়েছেন তিনি। —বিবিসি