‘বলির পাঁঠা’ করা হয়েছে তবলিগ জামাত সদস্যদের

আপডেট : ২৩ আগস্ট ২০২০, ০০:৪৫

করোনাকালে এক দল মানুষকে খামোখা ‘বলির পাঁঠা’ করা হয়েছে। দিল্লির নিজামউদ্দিন মারকাজে তবলিগ জামাত সদস্যদের নিয়ে বিতর্ক প্রসঙ্গে এমনই মন্তব্য করেছে মুম্বাই হাইকোর্ট। পর্যটন ভিসায় এসে ধর্মপ্রচার, করোনা সংক্রান্ত নিয়মবিধি লঙ্ঘনের মতো একাধিক অভিযোগে কয়েক মাস আগে ৪০টি দেশের ২ হাজার ৫৫০ তবলিগ জামাত সদস্যকে কালো তালিকাভুক্ত করে কেন্দ্রীয় সরকার। দেশের বিভিন্ন রাজ্যে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। ২৯ জন বিদেশি তবলিগ জামাত সদস্য এবং সাত জন ভারতীয় জামাত সদস্যের বিরুদ্ধে মহারাষ্ট্রে দায়ের হওয়া এফআইআর বাতিল করে শুক্রবার মুম্বাই হাইকোর্ট জানিয়ে দেয়, করোনাকালে খামোখা তাদের ‘বলির পাঁঠা’ করা হয়েছিল। কোভিড-১৯ ছড়ানোর জন্য দায়ী করা হয়েছিল ঐ সমস্ত জামাত সদস্যদের। রাজনৈতিকভাবে চাপের মুখে পড়ে সেই সময় তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয় মহারাষ্ট্র সরকার। —আনন্দবাজার পত্রিকা