এখনো গভীর কোমায় প্রণব মুখার্জি

আপডেট : ২৩ আগস্ট ২০২০, ০৯:০১

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এখনো গভীর কোমায় রয়েছেন। তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত। গতকাল শনিবার দিল্লির সেনা হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির বুকের সংক্রমণের চিকিত্সা চলছে। তার শারীরিক প্যারামিটার স্থিতিশীল। বিশেষজ্ঞ চিকিত্সকদের নিয়ে গঠিত একটি মেডিক্যাল টিম সর্বক্ষণ তাকে পর্যবেক্ষণ করছে।

গত ৯ আগস্ট রাজাজি মার্গের বাসভবনে পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রণব মুখার্জি। পরের দিন তাকে নয়াদিল্লির সেনা হাসপাতালে ভর্তি করা হয়। ওই আঘাতের ফলে তার মস্তিষ্কে রক্ত জমাট বাঁধে। সে সময় অস্ত্রোপচার করে জমাট বাঁধা রক্ত বের করা হয়। ওই অস্ত্রোপচারের আগে নিয়মমাফিক শারীরিক পরীক্ষায় তার করোনা-আক্রান্ত হওয়ার বিষয়টিও জানা যায়। গত বুধবার হাসপাতাল সূত্রে জানানো হয়েছিল, তার ফুসফুসে সংক্রমণ তৈরি হয়েছে।

উল্লেখ্য, গত বছরই ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্নে ভূষিত করা হয় প্রণব মুখার্জিকে। ২০১২ থেকে ২০১৭ পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলান প্রণব মুখার্জি।