ফের শুটিংয়ে ফিরছেন পরীমনি

আপডেট : ২৩ আগস্ট ২০২০, ১৫:৫০

করোনা ভাইরাসের কারণে দীর্ঘ বিরতির পর ফের শুটিংয়ে ফিরছেন চিত্রনায়িকা পরীমনি। আগামী মাস থেকে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন তিনি। আবু রায়হান জুয়েল পরিচালিত এ সিনেমায় পরীমনির বিপরীতে অভিনয় করছেন সিয়াম আহমেদ।

সদরঘাট থেকে লঞ্চে সুন্দরবন, মাঝে টানা ২৫ দিন শুটিং করে এই সিনেমার কাজ সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে কিছু দৃশ্যধারণ বাকি রেখেই শুটিং বন্ধ করা হয়। আগামী মাস থেকে বাকি অংশের শুটিং শুরু করবেন বলে জানান সিনেমাটির নির্মাতা আবু রায়হান জুয়েল।

তিনি বলেন, আগামী মাসের ২ তারিখ থেকে ফের শুটিংয়ে যাচ্ছি আমরা। সদরঘাটসহ বুড়িগঙ্গার বেশ কিছু স্থানে ১০ দিন শুটিং করবো। লঞ্চের একটি অংশের জন্য শুধু খুলনা যেতে হবে।

২০১৮-১৯ অর্থ বছরের সরকারি অনুদানে নির্মিত হচ্ছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। সিনেমাটিতে সিয়াম-পরীমনি ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করছেন- শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, মুনিরা মিঠু, কচি খন্দকার, আশিষ খন্দকারসহ ১৮ জন শিশুশিল্পী।

ইত্তেফাক/বিএএফ