চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের কাঞ্চননগর রেল স্টেশন সড়কটি বর্তমানে বেহাল। সড়কে সৃষ্ট অসংখ্য গর্ত ও খানাখন্দের কারণে সাধারণ মানুষকে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। কাজীপাড়া, ছোট ঠাকুরপাড়া, কাঞ্চননগর আবাসিক প্রকল্প, পূর্ব এলাহাবাদ ও বহরমপাড়াসহ আশপাশের এলাকার প্রায় ২০ হাজার বাসিন্দা চলাচলের জন্য এ সড়কের ওপর নির্ভরশীল। স্থানীয় বাসিন্দা মো. ছমি উদ্দিন, হাবিবুর রহমান বলেন, গুরুত্বপূর্ণ এই রেল স্টেশন সড়কটি অবহেলিতভাবে পড়ে থাকলেও সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে না। এ ব্যাপারে চন্দনাইশ উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. রেজাউন নবী ঐ সড়ক সংস্কারের জন্য ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।
