তিস্তার ভাঙন অব্যাহত
রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা
কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা নদীর ভাঙন ঠেকানো যাচ্ছে না। প্রতিদিন নদীগর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি ও ফসলি জমি। তিস্তার ভাঙন ঠেকাতে উপজেলায় বিদ্যানন্দ ইউনিয়নে ফেলা হয়েছে ১৯ হাজার ১০০ জিও ব্যাগ। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জুলাই মাস থেকে জিও ব্যাগ ফেলা শুরু করেছে। সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি এবং বন্যার পানি কমতে শুরু করলেও তিস্তায় দেখা দিয়েছে তীব্র ভাঙন।
বিদ্যানন্দ ইউপি চেয়ারম্যান তাইজুল ইসলাম বলেন, সারা বছর নদী ভাঙন অব্যাহত রয়েছে। ভাঙন ঠেকাতে হলে স্থায়ীভাবে ব্যবস্থা নিতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে তাসনিম জানান, তিস্তা নদী ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলা হচ্ছে। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. মাহমুদ হাসান জানান, নদী ভাঙন রোধে বিদ্যানন্দ ইউনিয়নের গাবুর হেলানের ৯ হাজার ৬০০, কালীরহাট এলাকায় ৯ হাজার ৫০০ জিও ব্যাগ ফেলা হয়েছে। বর্তমানে জিও ব্যাগ ফেলা অব্যাহত রয়েছে। তবে নদী শাসন বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, ক্রসবাঁধসহ সংস্কার ও সংরক্ষণের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রকল্প পাঠানো হবে।
