স্বাস্থ্যের ডিজির দুঃখপ্রকাশ

আপডেট : ২৩ আগস্ট ২০২০, ২১:১৪

রামেক হাসপাতালে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঁচ বছর ধরে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ডা. এ বি এম খোরশেদ আলম। সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়ে তিনি বলেছেন, মিডিয়াকে দূরে রেখে কোনো কাজ সম্পন্ন করা যাবে না। রবিবার রামেক হাসপাতাল পরিদর্শন ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ফরিদ হোসেন মিয়া, রাজশাহী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী, রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য প্রমুখ উপস্থিত ছিলেন। স্বাস্থ্য বিভাগের ডিজি আরো বলেন, এখানে পাঁচ বছর ধরে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয় না—এই অভিযোগ শুনলাম। এ জন্য যদি আমি দায়ী হয়ে থাকি, তাহলে আমি দুঃখিত এবং আপনাদের (সাংবাদিক) কাছে ক্ষমা চাই। তিনি বলেন, আমি হাসপাতালের পরিচালককে অনুরোধ করব, আপনি মিডিয়ার সঙ্গে থাকেন। তাদের কাজ করতে সহযোগিতা করেন।