বন্যায় বীজতলা নষ্ট
চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা
দ্বিতীয় দফা বন্যায় চিলমারী উপজেলা প্লাবিত হওয়ায় আমন বীজতলা নষ্ট হয়ে গেছে। ফলে কৃষক চড়া মূল্যে চারা কিনে রোপণ করছেন। এদিকে চারার দাম বেশি হওয়ায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন।
কৃষক আনিছুর রহমান এবং আলমগীর হোসেন জানান, এবার দীর্ঘমেয়াদি বন্যায় এই উপজেলার বেশি ক্ষতি হয়েছে। বন্যায় তাদের বীজতলা নষ্ট হয়ে গেছে। কিন্তু আমন রোপণ না করলে তাদের পেটে ভাত জুটবে না। তাই চড়া দামে আমনের চারা কিনে রোপণ করতে হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে তারা দিশেহারা হয়ে পড়েছেন। চারা বিক্রেতা জহুরুল জানান, অতীতের যেকোনো সময়ের চেয়ে এবার সর্বাধিক মূল্যে চারা বিক্রি হচ্ছে।
উপজেলার থানাহাট বাজারে চারা কিনতে আশা বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল কাদের বলেন, এমনিতেই উচ্চমূল্যে চারা কিনে জমিতে রোপণ করেছি। তার ওপর আবারও ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে যাওয়ায় চিন্তায় আছি।
চিলমারী উপজেলা কৃষি কর্মকর্তা কুমার প্রণয় বিশান দাস জানান, এবারের বন্যায় চিলমারী উপজেলার ৩২০ হেক্টর জমির আমন বীজতলা নষ্ট হয়ে গেছে। বীজতলা নষ্ট হওয়ায় লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
