প্রীতি ম্যাচেই ফিরবে ফুটবল দল

আপডেট : ২৩ আগস্ট ২০২০, ২১:১৯

স্পোর্টস রিপোর্টার

ফুটবলের নতুন মৌসুম নিয়ে দৌড়ঝাঁপ চলছে। ফেডারেশন, ক্লাব এবং খেলোয়াড়দের মধ্যে বৈঠক হচ্ছে। দফায় দফায় চলছে আলোচনা। দুই-একটা গুরুত্বপূর্ণ ইস্যুর সমাধান হয়ে গেলে এবছরই মাঠে নামার দুয়ার খুলে যেতে পারে। এমন সম্ভাবনা প্রবল। লিগের ক্লাব প্রচুর টাকা বিনিয়োগ করেছে। কিন্তু খেলা পরিত্যক্ত হওয়ার কারণে বাজেটের পুরোটাই জলে গেছে। স্বাধীনতার পর ফুটবলে এমন পরিস্থিতি আর দেখেনি বর্তমান ফুটবল সংগঠকরা। করোনা ভাইরাস দেশের ফুটবলকে ক্ষতি করেছে। তবে আশার কথা হচ্ছে মাঠে নামার ব্যাপারে বাফুফের উদ্যোগে ক্লাব এবং খেলোয়াড় দুই পক্ষই একসূত্রে আসতে যাচ্ছে। মহামারির মধ্যেও হয়তো ভালো খবরও জানতে পারবেন ফুটবল অনুরাগীরা।

এত কিছুর মধ্যে একটা শংকার কথা বার বার উঠে আসছে। নতুন মৌসুম শুরু হবে। কিন্তু তার আগ পর্যন্ত জাতীয় দলের ফুটবলাররা আন্তর্জাতিক ম্যাচ খেলার মতো প্রস্তুতি নিতে পারবে কি না। মাঠে নামার সুযোগ পাবেন কি না। বাফুফে এরই মধ্যে আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য পরিকল্পনাও করছে। নভেম্বরে ফিফার প্রীতি ম্যাচের উইনডো খুলবে। সেখানে ১২-১৭ নভেম্বর সময়ও দেওয়া আছে। বাফুফে চাইছে, এই সময় জাতীয় দলের প্রস্তুতি ম্যাচ খেলা যায় কি না। বাফুফের সহসভাপতি এবং ন্যাশনাল টিমস কমিটির কোচেয়ারম্যান তাবিথ আওয়াল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, খুব শিঘ্রই তারা ফুটবলারদের মাঠে নামাতে চান। আগামীতে ফিফার উইনডোগুলো কাজে লাগাতে চান তিনি। ফিফা প্রীতি ম্যাচ খেলার জন্য শ্রীলঙ্কা, মালদ্বীপ, থাইল্যান্ড এবং মালয়েশিয়ার মতো দেশগুলোর সঙ্গে যোগাযোগ করে ম্যাচ নির্ধারণ করতে চান। তবে তার আগে দেখতে হবে বিমান চলাচলের সুবিধা কোথায়। যেসব দেশে করোনার প্রকোপ থাকবে সেখানে যাবে না ফুটবল দল।

বসুন্ধরা কিংস এএফসি কাপ নিয়ে ব্যস্ত থাকবে। সেখানে জাতীয় দলের গুরুত্বপূর্ণ ফুটবলারদের বড় একটা অংশ রয়েছে। এর বাইরে জাতীয় দলের যেসব খেলোয়াড় রয়েছে তারা কি করবে। ‘আমরা একটা অশান্তির মধ্যে রয়েছি। এত দিন বসে থাকাটা কষ্টের। একজন ফুটবলার এভাবে নিজেকে ধরে রাখতে পারে না। আমাদের জন্য খেলা থাকলে সেটা খুব ভালো হতো—সংবাদমাধ্যমকে বলছিলেন জাতীয় দলের গোলকিপার আশরাফুল ইসলাম রানা।

নভেম্বরে জাতীয় দলের খেলা হলে নিশ্চই তার আগেই অনুশীলনও শুরু হবে। সেদিকেই তাকিয়ে রানা, জামাল ভুঁইয়ারা। বাফুফে জানিয়েছে, ডেনমার্কে জামাল ভুঁইয়া, ফিনল্যান্ডে কাজী তারিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে। ইংল্যান্ডে জেমি ডের সঙ্গেও কথা হচ্ছে বাফুফের।