অনেক প্রাপ্তির দিনে সম্ভবত একটি আক্ষেপই ছিল জ্যাক ক্রলির। হাতছানি দিয়েও হারিয়ে গেল ট্রিপল সেঞ্চুরি। তবে তার সেই হতাশাই মিশে গেছে একটি রেকর্ডে। আউট হওয়ার ধরনে ইংলিশ ব্যাটসম্যানের নাম লেখা হয়ে গেছে রেকর্ড বইয়ে। ২২ বছর বয়সি ব্যাটসম্যান ভেঙে দিয়েছেন পাঁচ দশক পুরোনো এক রেকর্ড।
পাকিস্তানের বিপক্ষে সাউথ্যাম্পটন টেস্টের দ্বিতীয় দিনে শনিবার ২৬৭ রানে আউট হয়েছেন ক্রলি। প্রথম টেস্ট সেঞ্চুরিতেই ট্রিপল সেঞ্চুরির পথে এগোতে থাকা ইনিংসটি থেমেছে অনিয়মিত বোলার আসাদ শফিকের বলে স্টাম্পড হয়ে। রেকর্ড হয়েছে এতেই। স্টাম্পিংয়ে থেমে যাওয়া টেস্ট ইতিহাসের সর্বোচ্চ ইনিংস ক্রলির এই ২৬৭।
আগের রেকর্ডটি ছিল সিমুর নার্সের। ১৯৬৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চে ২৫৮ রানে স্টাম্পড হয়েছিলেন এই ক্যারিবিয়ান ব্যাটসম্যান। আড়াই শ পেরিয়ে স্টাম্পড হওয়ার অভিজ্ঞতা আছে টেস্টে আর কেবল একজনেরই। ২০০৩ সালের বক্সিং ডে টেস্টে ভারতের বিপক্ষে ২৫৭ করে অনিল কুম্বলের বলে স্টাম্পড হয়েছিলেন রিকি পন্টিং।—বিডি নিউজ
