আইসিসি নিয়ে হতাশ ফিকা

আপডেট : ২৩ আগস্ট ২০২০, ২১:২০

স্পোর্টস রিপোর্টার

শশাঙ্ক মনোহর দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন দুই মাস হতে চলল। এখনো পর্যন্ত পরবর্তী চেয়ারম্যান ঠিক করা তো বহুদূর, নির্বাচন প্রক্রিয়াই চূড়ান্ত করতে পারেনি আইসিসি বোর্ড। বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থার শীর্ষ পদ নিয়ে এই অচলাবস্থায় হতাশ ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ফিকা)। সংস্থার পরিচালকদের একজন হিথ মিলসের মতে, এই অবস্থা অগ্রহণযোগ্য।

আইসিসির চেয়ারম্যান নির্বাচন প্রক্রিয়া আটকে আছে মূলত একটি জায়গায়। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে হবে নাকি দুই-তৃতীয়াংশ ভোটে, সেটি এখনো ঠিক করতে পারেনি আইসিসি বোর্ড।

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাত্কারে মিলস ভবিষ্যত্ নেতৃত্বের প্রক্রিয়ার পাশাপাশি প্রশ্ন তুললেন আগের নেতৃত্ব নিয়েও, ‘আমাদের খেলাটির আন্তর্জাতিক পর্যায়ে এই মুহূর্তে নেতৃত্বের ঘাটতির এই পরিস্থিতি খুবই হতাশাজনক। খেলাটিরই খুব বাজে প্রতিফলন পড়ছে এতে। আগের চেয়ারম্যান পদত্যাগ করেছেন প্রায় দুই মাস আগে। অবশ্য দায়িত্ব ছাড়ার আগেও কিছুদিন ধরে তিনি কতটা সম্পৃক্ত ছিলেন, আমি ঠিক নিশ্চিত নই।’