আইভি রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ২৩ আগস্ট ২০২০, ২২:০৩

বিশেষ প্রতিনিধি

আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক বেগম আইভি রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাসবিরোধী মিছিলপূর্ব শান্তি সমাবেশে বর্বরোচিত গ্রেনেড হামলায় আইভি রহমান গুরুতর আহত হন। সম্মিলিত সামরিক হাসপাতালে চার দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ২৪ আগস্ট তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আইভি রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন সংগঠন কর্মসূচি গ্রহণ করেছে। আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে রয়েছে সকাল সাড়ে ৯টায় বনানী কবরস্থানে তার কবর জিয়ারত, শ্রদ্ধাঞ্জলি নিবেদন, মিলাদ, দোয়া মাহফিল ও মোনাজাত। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকগণ যথাযথভাবে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এছাড়া বাদ আসর আইভি কনকর্ড টাওয়ারে (বাড়ি-২২, সড়ক-১০৮, গুলশান-২) মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এদিকে ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা  জানান, দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ভৈরব উপজেলা ও পৌর আওয়ামী লীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য সংগঠন ও তার পরিবারের লোকজন নানা কর্মসূচি গ্রহণ করেছে। এছাড়া ভৈরব প্রেসক্লাবে মরহুমার স্মরণে মিলাদ, দোয়া মাহফিল, আলোচনা সভা এবং  ভৈরবপুর তার নিজ বাড়ি আইভি ভবনে দিনব্যাপী খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।