হাসন রাজার গানের আসর
ইত্তেফাক রিপোর্ট
রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্রের আয়োজনে বসেছিল মরমি সাধক হাসন রাজার গানের আসর। শেকড়ের সুরে সাজানো এক সংগীতসন্ধ্যা। লোকজ বাংলার গানে গানে এগিয়ে যায় সংগীত আসর। গতকাল রবিবার সংগঠনের ফেসবুক পেজে আয়োজিত এ অনুষ্ঠানে শিল্পীরা মরমি সাধক হাসন রাজার গান গেয়ে শোনান। ‘মাটির পিঞ্জুরার মাঝে’ শীর্ষক এ অনুষ্ঠানে শিল্পী আকরামুল ইসলাম ও অধ্যাপক ড. জাহিদুল কবীর গান গেয়ে শোনান। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিল্পী বিশ্বজিত্ রায়। শিল্পী আকরামুল ইসলাম গেয়ে শোনান, ‘সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইল’, ‘ঠাকুর আওরে আও’, ‘মাটির পিঞ্জুরার মাঝে’, ‘আমি ধরতে না পারি’ এবং ‘আগুন জ্বালাইয়া দিল কনে’। এরপর শিল্পী অধ্যাপক জাহিদুল কবীর গেয়ে শোনান ‘ও এগো মাওলা তোমার লাগি’, ‘পুতের দাড়ি পাকিয়া গেল’, ‘তোর সনে মোর কীসের দয়া’, ‘রূপ দেখিলামরে নয়নে’, ‘আহারে সোনালি’।
জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক বিদ্যাপীঠের কার্যক্রম শুরু
দীর্ঘ বিরতির পর আবার চালু হলো জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক বিদ্যাপীঠের কার্যক্রম। সাহিত্যচর্চায় নিবেদিত গ্রন্থাগারটি পুরোনো ঠিকানা বদলে নতুন ঠিকানায় শুরু করেছে এই কার্যক্রম। আবাহনী মাঠের পেছনে নতুন ঠিকানাটি হচ্ছে—বাড়ি-৭৫/এ, সড়ক-১২/এ, ধানমন্ডি, ঢাকা-১২০৯। এখন থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পাঠকের জন্য বিদ্যাপীঠ উন্মুক্ত থাকবে। তবে একসঙ্গে কেবল আট জন পাঠক ভেতরে অবস্থান করতে পারবেন। সব পাঠককে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে এবং মাস্ক পরে আসতে হবে। এছাড়া করোনা পরিস্থিতির কারণে নিয়মিত কার্যক্রম বক্তৃতা, সেমিনার, বৈঠকি, কোর্স ইত্যাদি আয়োজন সাময়িকভাবে স্থগিত রয়েছে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আবারও এসব অনুষ্ঠানের আয়োজন করা হবে।
