বেগম জিয়ার সাফাই গাইতে খুনের দায় নিচ্ছেন বিএনপির নেতারা :তথ্যমন্ত্রী

আপডেট : ২৩ আগস্ট ২০২০, ২২:০৪

বিশেষ প্রতিনিধি

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বেগম জিয়ার পক্ষে সাফাই গাইতে গিয়ে বিএনপির নেতারা খুনের দায় নিচ্ছেন। গতকাল রবিবার জাতীয় প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আইভি রহমান স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন। পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বক্তব্যের শুরুতেই তথ্যমন্ত্রী ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহিদ জাতির পিতা বঙ্গবন্ধু, তার পরিবারের সদস্যদের এবং ২০০৪ সালের ২১ আগস্ট শহিদ আইভি রহমানসহ সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জানান ও তাদের আত্মার শান্তি কামনা করেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘আজকে কাগজে দেখলাম, যখন জনগণের পক্ষ থেকে দাবি উঠেছে বেগম খালেদা জিয়াকেও ২১ আগস্টের হামলার বিচারের আওতায় আনা হোক, তখন মির্জা ফখরুল সাহেব তার নেত্রীকে রক্ষা করার জন্য এক লম্বা বিবৃতি দিয়েছেন।’ ড. হাছান গ্রেনেড হামলায় আহত সাক্ষী হিসেবে বলেন, ‘প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন, বেগম খালেদা জিয়াই জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার উদ্দেশ্যে তার পুত্রের মাধ্যমে এই হামলা পরিচালনা করেছিলেন। তাই ন্যায় প্রতিষ্ঠা এবং ঠিক বিচারের জন্য জনগণের দাবি হচ্ছে বেগম খালেদা জিয়াকেও হুকুমের আসামি করা প্রয়োজন।

পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেন, ‘শেখ হাসিনার ভাগ্যের সঙ্গে এদেশের সকল মানুষের ভাগ্য জড়িয়ে আছে। একারণেই সৃষ্টিকর্তা বারবার তাকে বাঁচিয়ে দিয়েছেন।’ আইভি রহমান পরিষদের উপদেষ্টা মো. আকরাম হোসাইনের সভাপতিত্বে ও পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. আখতারুজ্জামান খোকার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে সভায় আরো বক্তব্য রাখেন সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলী আজাদ), স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আবু আহমেদ মান্নাফী, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু প্রমুখ।