খালেদা জিয়ার আরো চার মামলার কার্যক্রম স্থগিতই থাকছে

আপডেট : ২৩ আগস্ট ২০২০, ২২:৩৯

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত নাশকতার আরো চার মামলার কার্যক্রম স্থগিতই থাকছে। এসব মামলার কার্যক্রমের ওপর ইতিপূর্বে স্থগিতাদেশ দিয়েছিল হাইকোর্ট। ঐ স্থগিতাদেশ প্রত্যাহারে রাষ্ট্রপক্ষের করা আবেদন গতকাল রবিবার খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। তবে মামলা বাতিল প্রশ্নে জারিকৃত রুল হাইকোর্টে নিষ্পত্তি করতে পক্ষগণকে বলেছে আপিল বিভাগ। আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও খালেদা জিয়ার পক্ষে ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন ও ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল শুনানি করেন। এর আগে আপিল বিভাগ যাত্রাবাড়ী ও মিরপুরের দারুসসালাম থানার চারটি মামলার কার্যক্রমের ওপর হাইকোর্টের দেওয়া        স্থগিতাদেশ বহাল রাখে আপিল বিভাগ। 

 আইনজীবীরা জানান, ২০১৫ সালে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অবরোধ ও হরতালকে কেন্দ্র করে যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় খালেদা জিয়ার বিরুদ্ধে ১১টি মামলা দায়ের করে পুলিশ। ঐ সব মামলার এজাহারে খালেদা জিয়ার নাম না থাকলেও অভিযোগপত্রে তাকে হুকুমের আসামি করা হয়। পরে ঐ অভিযোগপত্র আমলে নেয় আদালত। ঐ অভিযোগ আমলে নেওয়ার আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করে তিনি। পরে হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিতের পাশাপাশি রুল জারি করে। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, মামলার এজাহারে খালেদা জিয়ার নাম ছিল না। পরে অভিযোগপত্র দেওয়ার সময় নির্দেশদাতা হিসেবে তার নাম যুক্ত করা হয়। যা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। কারণ ঘটনার সময় খালেদা জিয়া গুলশানের কার্যালয়ে অন্তরীণ ছিলেন। সেখানে পানি, বিদ্যুত্, গ্যাস, টেলিফোন সংযোগ বন্ধ করে রাখা হয়েছিল। এ অবস্থায় নির্দেশ দেওয়া কোনোভাবেই সম্ভব নয়।