মোজাফফর আহমদের আদর্শ বাস্তবায়নে বামদের এক ছাতার নিচে দাঁড়ানোর আহ্বান

আপডেট : ২৩ আগস্ট ২০২০, ২২:৪৫

 

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুক্তিযুদ্ধকালীন সরকারের উপদেষ্টা অধ্যাপক মোজাফ্ফর আহমদের প্রথম মৃত্যুবার্ষিকীতে রবিবার ন্যাপ কেন্দ্রীয় কার্যালয়ে তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন অনুষ্ঠানে বক্তারা বলেন, করোনা-পরবর্তী নতুন এক পৃথিবী আসছে। করোনা মহামারি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে শোষণহীন সমাজ, দুর্নীতিমুক্ত সমাজ, মানুষের নিরাপদে ও শান্তিতে বেঁচে থাকার জন্য সমাজতন্ত্রের বিকল্প নেই। মোজাফ্ফর আহমদের আদর্শ বাস্তবায়নে বামদের এক ছাতার নিচে দাঁড়ানো প্রয়োজন। জনতার সামনে বিকল্প হিসেবে বামদেরকেই দাঁড়াতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ন্যাপ নেতা অ্যাডভোকেট আবদুর রহমান, পরিতোষ দেবনাথ, নাসিম হক রুবি, ওয়ার্কার্স পার্টির নেতা আবুল হোসেন, মোস্তফা আলমগীর রতন, গণতান্ত্রিক পার্টির মিনহাজ সেলিম, ঐক্য ন্যাপের হারুন-অর-রশিদ ভূঁইয়া, সম্মিলিত সামাজিক আন্দোলনের সালেহ আহমেদ প্রমুখ। উপস্থিত ছিলেন মনি সিং ফরহাদ ট্রাস্ট,  নারী সমিতি, যুব সমিতি, ছাত্র সমিতি ও নতুন বাংলা পত্রিকার নেতৃবৃন্দ।

মোজাফ্ফর আহমদের উদ্যোগে প্রতিষ্ঠিত নারায়ণগঞ্জের মদনপুরে সামাজিক বিজ্ঞান পরিষদে অ্যাডভোকেট এম এ ওহাবের সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

অধ্যাপক মোজাফ্ফর আহমদের জন্মস্থান কুমিল্লার দেবীদ্বারের এলাহাবাদে তার কবরস্থানে পুষ্পার্ঘ্য নিবেদন করেন ন্যাপ, সিপিবি কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় আওয়ামী লীগ, কৃষক দল, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠান। সেখানে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন ন্যাপ নেতা অনীল চক্রবর্তী। বক্তব্য রাখেন কেন্দ্রীয় ন্যাপ নেতা গোলাম ফারুক, ইসমাইল হোসেন, সিপিবির কেন্দ্রীয় নেতা কাফি রতনসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ ও এলাহাবাদ কলেজের অধ্যক্ষ এ কে এম জহিরুল ইসলাম।—প্রেস বিজ্ঞপ্তি

 

০