জাতীয় সংসদের শূন্য ঘোষিত পাঁচটি আসনের তিনটির ভোটের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। পাবনা-৪ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৬ সেপ্টেম্বর। নওগাঁ-৬ ও ঢাকা-৫ আসনে আগামী ১৭ অক্টোবর উপনির্বাচন করবে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে পাবনা-৪ আসনের তফসিল ঘোষণা করেছে কমিশন। আর নওগাঁ-৬ ও ঢাকা-৫ আসনের তফসিল ঘোষণা হবে আগামী সপ্তাহে। রবিবার বিকালে কমিশনের বৈঠক শেষে ইসির সিনিয়র সচিব মো. আলমগীর এ তথ্য জানান। এর আগে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে উপনির্বাচনের তারিখ নির্ধারণে বৈঠকে বসে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সচিব মো. আলমগীর জানান, পাবনা-৪ আসনে ২ সেপ্টেম্বর মনোনয়ন দাখিলের শেষ সময়। মনোনয়নপত্র বাছাই হবে ৩ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৮ সেপ্টেম্বরের মধ্যে। ২৬ সেপ্টেম্বর ভোট অনুষ্ঠিত হবে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
আওয়ামী লীগ নেতা সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু গত ২ এপ্রিল ঢাকার একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেলে পাবনা-৪ আসনটি শূন্য হয়। করোনার কারণে প্রথম ৯০ দিনে ভোট করেনি ইসি। এক্ষেত্রে পরবর্তী ৯০ দিনের হিসাব অনুযায়ী, এই আসনে আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে ভোটগ্রহণ করতে হবে। এই আসনে ভোটের জন্য রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ইসি সচিব বলেন, নওগাঁ-৬ ও ঢাকা-৫ আসনে ভোটের তারিখ দিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু ভোটের তফসিল এখনো নির্ধারণ হয়নি। তফসিল আগামী সপ্তাহে ঘোষণা করা হবে। এ দুই আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে ) ভোটগ্রহণ হবে।
গত ৬ মে বার্ধক্যজনিত কারণে হাবিবুর রহমান মোল্লা মৃত্যুবরণ করলে ঢাকা-৫ আসনটি শূন্য হয়। এ আসনে ভোট করার শেষ সময় ১ নভেম্বর। আর ২৭ জুলাই নওগাঁ-৬ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য ইসরাফিল আলম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় আসনটি ঐ দিন শূন্য হয়েছে। সে অনুযায়ী, ৯০ দিনের হিসেবে ২৪ অক্টোবরের মধ্যে ভোট করার বাধ্যবাধকতা রয়েছে।
বর্ধিত ৯০ দিনে ভোট ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে
জাতীয় সংসদের শূন্য ঘোষিত ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচন বর্ধিত ৯০ দিনের মধ্যে সম্পন্ন করবে কমিশন। দৈবদুর্বিপাক হলে বর্ধিত ৯০ দিনে ভোট করার ক্ষমতা সংবিধানে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) দেওয়া হয়েছে। কমিশনের বৈঠক শেষে রবিবার ইসি সচিব মো. আলমগীর নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
সচিব বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন গত ৯ জুলাই থাইল্যান্ডের একটি হাসপাতালে মৃত্যুবরণ করলে শূন্য হয় ঢাকা-১৮ আসন। সংবিধান অনুযায়ী, আসন শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে ভোট করতে হয়। এ বিধান অনুযায়ী, এই আসনে ভোটের জন্য ৬ অক্টোবর শেষ সময়। কিন্তু করোনা মহামারিজনিত দৈবদুর্বিপাকের কারণে এই সময়ের মধ্যে ভোট না করে পরবর্তী ৯০ দিনে ভোট করার জন্য সময় দিয়েছেন সিইসি। এক্ষেত্রে ২০২১ সালের ১৪ জানুয়ারি পর্যন্ত সময় পাওয়া যাবে। এছাড়া সিরাজগঞ্জ-১ আসনেও পরবর্তী ৯০ দিনের মধ্যে ভোটের সিদ্ধান্ত দিয়েছেন কমিশন। এক্ষেত্রে ৯ ডিসেম্বর পর্যন্ত এ আসনে ভোটের সময় পাওয়া যাবে। সিরাজগঞ্জ-১ আসনটি শূন্য হয় গত ১৩ জুন সংসদ সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুর পর।
মো. আলমগীর বলেন, সময় ঘনিয়ে আসা সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেই এই দুই ভোটের তারিখ নির্ধারণ করা হবে। এছাড়া স্থানীয় সরকারের বিভিন্ন পদে নির্বাচন অক্টোবরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে সম্পন্ন করা হবে। এসব নির্বাচনের তফসিল আগামী কয়েক দিনের মধ্যে দেওয়া হবে।
