পণ্য পরিবহনের নামে যাত্রী পরিবহন করছে উবার

আপডেট : ২৩ আগস্ট ২০২০, ২২:৫১

করোনা মহামারিতে রাইড শেয়ারিংয়ে মোটরসাইকেল সেবা বন্ধ থাকলেও একটি অসাধু চক্র ভিন্ন নামে এ সেবা চালিয়ে যাচ্ছে। কোনোপ্রকার সামাজিক দূরত্ব না মেনে এ সার্ভিসটি চালু করেছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার। মূলত পার্সেল নেওয়ার নাম করে সার্ভিসটি চালু করলেও উবারের মোটরসাইকেল রাইডাররা যাত্রী পরিবহন করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সংক্রান্ত তথ্যপ্রমাণ ইত্তেফাকের হাতে রয়েছে।

প্রসঙ্গত রাইড শেয়ারিং প্রতিষ্ঠানগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের গাড়ির সার্ভিসটি চালুর অনুমতি দেয় বিআরটিএ। কিন্তু এখন পর্যন্ত মোটরসাইকেল চালুর অনুমতি দেয়নি নিয়ন্ত্রক সংস্থাটি। কিন্তু উবার সম্প্রতি তাদের ‘উবার মোটো’ দিয়ে ‘উবার কানেক্ট’ সার্ভিসটি চালু করেছে। মূলত পণ্য পরিবহনের জন্য সার্ভিসটি চালু করা হলেও এখন তা দিয়ে যাত্রী পরিবহন করা হচ্ছে। এই প্রতিবেদক উবার কানেক্ট সার্ভিসের সঙ্গে যুক্ত হওয়ার পর যে মোটরসাইকেলটি এসেছে তার চালককে ম্যানেজ করে রাইড নিয়েছেন। উবার মোটোর চালক বিষয়টি সহজভাবে মেনে নিয়েছেন।

এদিকে, অবৈধভাবে মোটরসাইকেল পরিচালনা করায় উবারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপ্রিম কোর্টের আইনজীবী  ইক্তান্দার হোসাইন হাওলাদার বিআরটিএকে একটি চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি বলেন, করোনা মহামারিকালীন বিআরটিএ মোটরসাইকেল পরিচালনা বন্ধ রাখলেও উবার বাংলাদেশ চতুরতার সঙ্গে পার্সেল সেবার নামে যাত্রী পরিচালনা করে আসছে। শুরুতে এ বিষয়টি গোপনীয়তার সঙ্গে করা হলেও এখন এটি প্রকাশ্য রূপ নিয়েছে। বিষয়টি প্রমাণে বিআরটিএর কাছে কিছু তথ্যপ্রমাণসহ ছবিও তিনি জমা দিয়েছেন।