গাজীপুরে চাঁদাবাজির সময় ভুয়া র্যাব সদস্য আটক

আপডেট : ২৪ আগস্ট ২০২০, ০০:১৯

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর এলাকার ডোমনা বাগানবাড়ীর চেয়ারম্যানবাড়ি নতুনবাজার থেকে এক ভুয়া র্যাব সদস্যকে আটক করেছে পুলিশ। গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানা পুলিশ শনিবার রাতে তাকে আটক করে। আটককৃত মো. সাইফুল ইসলাম (৪২) কুমিল্লা জেলার লাঙ্গলকোট থানা এলাকার আলিয়ারা (মৌকরা) গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে। সে ঢাকা জেলার আশুলিয়া থানার ভাদাইল পশ্চিমপাড়া এলাকায় বাস করে।

গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবে খোদা জানান, আটককৃত সাইফুলসহ আরো তিন জন কাশিমপুরের ডোমনা বাগানবাড়ীর চেয়ারম্যানবাড়ি নতুন বাজারে গিয়ে নিজেদের র্যাব অফিসার পরিচয় দিয়ে ব্যবসায়ী মো. নূর নবীর দোকানে গিয়ে তার নামে বিভিন্ন থানায় ৮-১০টি মামলা রয়েছে বলে ভয়ভীতি দেখিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। মুদি দোকানদার নূর নবী ডাক-চিত্কার করে আশপাশের দোকানদারসহ স্থানীয়দের জড়ো করেন। পরে তারা কাশিমপুর থানায় সংবাদ দেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ভুয়া র্যাব সদস্য সাইফুলকে আটক করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তার অন্য তিন সহযোগী দৌঁড়ে পালিয়ে যায়। মো. নূর নবী কাশিমপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।