লকডাউন হচ্ছে যবিপ্রবির প্রশাসনিক ভবন

আপডেট : ২৪ আগস্ট ২০২০, ২১:১৩

যশোর অফিস

কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় আগামী ২৭ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) প্রশাসনিক ভবন লকডাউন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের সব দপ্তরের কর্মকর্তা-কর্মচারীর বাধ্যতামূলক করোনা টেস্ট করানো হবে। সোমবার দুপুরে যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও দপ্তরপ্রধানদের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন যবিপ্রবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. এ এস এম মুজাহিদুল হক, বিজ্ঞান অনুষদের ডিন ড. সুমন চন্দ্র মোহন্ত, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. আব্দুল্লাহ আল মামুন, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মো. মেহেদী হাসান, রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব প্রমুখ।