বিবিসি
ইরান বলছে, গত মাসে তাদের নাতাঞ্জ পরমাণু স্থাপনায় বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনা নাশকতা ছিল। রবিবার ইরানের পারমাণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালবন্দি রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আল-আলমকে দেওয়া এক সাক্ষাত্কারে এ দাবি করেন। তবে এই নাশকতার পেছনে কারা আছেন, তা স্পষ্ট করে জানানো হয়নি।
জুলাইয়ের প্রথম সপ্তাহে তেহরানের দক্ষিণাঞ্চলের ইসফাহান প্রদেশের ভূগর্ভস্থ নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় আগুন লাগে। ইরানের কর্মকর্তারা তখন বলেছিলেন, সাইবার হামলার কারণেই ঐ অগ্নিকাণ্ড হয়। তবে ঐ কর্মকর্তারা নিজেদের দাবির সপক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি। রবিবার বেহরুজ বলেন, ‘নানতাজ পরমাণু স্থাপনায় বিস্ফোরণ ছিল নাশকতার ফল। নিরাপত্তা কর্তৃপক্ষ যথাসময়ে বিস্ফোরণের কারণ প্রকাশ করবে।’ এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাটির বেশির ভাগ অংশই মাটির নিচে অবস্থিত। জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) পর্যবেক্ষণে থাকা ইরানের বেশ কয়েকটি স্থাপনার মধ্যে এটি অন্যতম। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, আগুনে পরমাণু স্থাপনাটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের গতি বাধাগ্রস্ত হয়েছে।
