বিবিসি
গত বছর নিউজিল্যান্ডের দুটি মসজিদে হামলা করে ৫১ জনকে হত্যায় অভিযুক্ত ব্রেন্টন টারান্টের যে আরো মসজিদে হামলার উদ্দেশ্য ছিল সেই তথ্য বেরিয়ে এসেছে চলমান শুনানিতে। চার দিন ধরে চলবে এ শুনানি।
ঊনত্রিশ বছর বয়সি ব্রেন্টন টারান্টকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হতে পারে, যেখানে কোনোরকম প্যারোলের সুযোগ থাকবে না। নিউজিল্যান্ডে এর আগে কাউকে এরকম সাজা দেওয়া হয়নি। এই সাজার রায় দেখার জন্য হতাহতদের অনেক স্বজন বিদেশ থেকেও এসেছেন, যাদের নিউজিল্যান্ডে এসে কোয়ারেন্টাইনেও থাকতে হয়েছে। গত বছরের ১৫ মার্চ ক্রাইস্টচার্চের দুটি মসজিদে বন্দুক নিয়ে গুলি করতে শুরু করে ঐ হামলাকারী। গুলি করার দৃশ্য সে সরাসরি অনলাইনে সম্প্রচার করে। শুক্রবারের নামাজের সময় আল নূর মসজিদে তিনি প্রথম হামলা করেন। এর পর গাড়ি চালিয়ে পাঁচ কিলোমিটার দূরের লিনউড মসজিদে গিয়ে আবার হামলা করে আরো মানুষ হত্যা করেন। এই হামলায় পুরো বিশ্ব স্তম্ভিত হয়ে পড়ে। এর পর দেশটির অস্ত্র আইনেও ত্বরিত পরিবর্তন আনা হয়।
n সাজার শুনানিতে যা বলা হচ্ছে :
ক্রাইস্টচার্চে সোমবার থেকে শুরু হয়েছে সাজার শুনানি। কোভিড-১৯ বিধিনিষেধের কারণে আদালত কক্ষ প্রায়ই খালি রয়েছে। তবে সামাজিক দূরত্ব বজায় রেখে ভিডিও ফিডের মাধ্যমে শহরের অন্যান্য আদালত কক্ষে হাজার হাজার মানুষ আদালতের কার্যক্রম দেখছে। ধূসর রঙের পোশাক এবং তিন জন পুলিশ কর্মকর্তার বেষ্টনীতে বন্দুক হামলাকারী পুরো সময় চুপচাপ রয়েছেন বলে জানা গেছে।
