প্রেসিডেন্ট কাইতাকে মুক্তি দিতে সম্মত
এএফপি
মালির ক্ষমতা দখল করা সামরিক জান্তা নেতৃত্বাধীন অন্তর্বর্তী কমিটি তিন বছর দেশ শাসন করতে চায় এবং তারা ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ইব্রাহিম বোউবাকার কাইতাকে ছেড়ে দিতে সম্মত হয়েছে। সফররত পশ্চিম আফ্রিকার (ইসিওডব্লিউএএস) প্রতিনিধি সূত্র এ কথা জানিয়েছে।
রাজধানী বামাকোতে ইসিওডব্লিউএএস প্রতিনিধি সূত্র এএফপিকে বলেছে, ‘সামরিক জান্তা জানিয়েছে যে, তারা মালির অবস্থা পর্যবেক্ষণ করতে তিন বছরের অন্তর্বর্তী শাসন চায়। সেনা নেতৃত্বাধীন একটি কমিটি এ অন্তর্বর্তী শাসন পরিচালনা করবে। তারা রাষ্ট্রপ্রধানও হবে।’ নাম প্রকাশ না করার শর্তে ঐ সূত্র জানায়, জান্তার প্রস্তাব অনুযায়ী, ‘প্রধানত সেনা গঠিত সরকার হবে।’
সূত্র আরো জানিয়েছে, সামরিক জান্তা প্রেসিডেন্ট কাইতাকে ছেড়ে দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে এবং তিনি বামাকোতে তার বাসায় ফিরে যেতে পারবেন। মঙ্গলবার সামরিক অভ্যুত্থানের পর অন্যান্য রাজনৈতিক নেতার সঙ্গে তাকেও বন্দি করা হয়। ইসিওডব্লিউএএস সূত্র জানায়, ‘তিনি চিকিত্সার জন্য বিদেশ যেতে চাইলেও তাতে কোনো সমস্যা নেই।’ সূত্র জানায়, প্রধানমন্ত্রী বোউবোউ সিজিকে রাজধানীর নিরাপত্তা বেষ্টিত একটি বাসভবনে সরিয়ে নেওয়া হবে। এ নগরীর উপকণ্ঠে একটি সামরিক ঘাঁটিতে কাইতার সঙ্গে তিনি বন্দি রয়েছেন।
এক জান্তা কর্মকর্তা কাইতা ও সিজির ভাগ্যের বিষয়ে এমন সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন। তিনি আরো জানান, তিন বছরের অন্তর্বর্তী শাসনামলে এক জন সামরিক প্রেসিডেন্ট থাকবে এবং গঠিত সরকারের অধিকাংশ সদস্য সামরিক বাহিনীর হবে।
