স্পোর্টস রিপোর্টার
অনেক দিন ধরেই বাড়ি যাবেন বলে ভাবছিলেন; কিন্তু করোনার কারণে যেতে পারছিলেন না। অবশেষে অভ্যন্তরীর যোগাযোগ শুরু হওয়ায় গতকাল বগুড়ায় চলে গেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। আজ সেখানে শহীদ চান্দু স্টেডিয়ামে অনুশীলন শুরু করবেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। যতদূর জানা গেছে, এই মাসের বাকি সময়টা এই স্টেডিয়ামেই অনুশীলন করবেন তিনি।
গতকাল ক্রিকেটারদের একক অনুশীলনে ছুটির দিন ছিল। আজ প্রথম বেলায় ঢাকায় অনুশীলন করবেন আফিফ হোসেন ধ্রুব ও এনামুল হক বিজয়। এরপর মুমিনুল হক, সৌম্য সরকার, ইমরুল কায়েস, তামিম ইকবাল ও সাদমান ইসলাম অনিকের ব্যাটিং, রানিং ও জিম সেশনের কথা রয়েছে।
আর বোলারদের মধ্যে এদিন শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মেহেদি হাসান রানা, তাইজুল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লবের বোলিং ও ফিটনেস অনুশীলনের কথা রয়েছে।
বগুড়ায় এতদিন অনুশীলন করছিলেন নারী দলের দুই ক্রিকেটার—খাদিজা তুল কুবরা ও শারমীন সুলতানা। এবার সেখানে মুশফিকুর রহিমও অনুশীলন করবেন। আজ দুপুর সোয়া ১২টা থেকে সোয়া ২টা পর্যন্ত অনুশীলন করবেন তিনি।
