ইংল্যান্ড সফরে অস্ট্রেলিয়া দল
স্পোর্টস ডেস্ক
সেই ১৩ মার্চের পর থেকে করোনা ভাইরাসের প্রকোপে আন্তর্জাতিক ক্রিকেটে অনুপস্থিত ছিল অস্ট্রেলিয়া। এবার সেই অচলায়তন ভাঙতে চলেছে। তিনটি করে টি-টোয়েন্টি আর ওয়ানডে খেলতে ইংল্যান্ড পৌঁছেছে অস্ট্রেলিয়া দল।
যথারীতি এই সফরটাও অনুষ্ঠিত হবে দর্শকশূন্য মাঠে। তাই ইংলিশ দর্শকদের অভাব বোধ করবেন সাবেক অজি অধিনায়ক স্টিভেন স্মিথ। দেশ ছাড়ার আগে সিডনি বিমানবন্দরে গেল অ্যাশেজে ৭৭৪ রান করা এই ব্যাটসম্যান বলেন, ‘আমি ইংল্যান্ডে ব্যাটিং করতে পছন্দ করি। তবে, দুর্ভাগ্যবশত সেখানে এবার কোনো দর্শক থাকবে না। ফলে বাড়তি অনুপ্রেরণা থাকছে। আশা করব টেলিভিশনের সামনে বসে অনেকেই আমাদের খেলা দেখবেন। অনেক দিন পর খেলতে নামব—এটাও অনুপ্রেরণার জন্য কম নয়। সিরিজটা খেলতে মুখিয়ে আছি আমরা।’
টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে সফরটি। সাউদাম্পটনে আগামী ৪, ৬ ও ৮ সেপ্টেম্বর হবে ম্যাচ তিনটি। এরপর ওয়ানডে সিরিজ খেলতে ম্যানচেস্টারে যাবে অ্যারন ফিঞ্চের দল। সেখানে ১১, ১৩ ও ১৬ সেপ্টেম্বর খেলবে তিনটি ওয়ানডে।
মূল সিরিজ শুরুর আগে ২১ সদস্যের অস্ট্রেলিয়া দল নিজেদের মধ্যে পাঁচটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে। এই ম্যাচগুলো হবে দলের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকাকালীন। এই সময়ে তারা সাউদাম্পটনে জীবাণুমুক্ত পরিবেশে থাকবেন।
