২০০৩ থেকে ২০০৯ — ছয় বছর তিনি ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডে। এবার সেই ম্যানচেস্টার শহরেই নিজের ব্যবসার প্রসার করতে চান ক্রিশ্চিয়ানো রোনালদো। জুভেন্তাসের এই তারকা বিলাসবহুল এক হোটেল নির্মাণ করতে চলেছেন শহরটিতে। হোটেলের ব্যবসায় সি আর সেভেন অবশ্য আগে থেকেই আছেন। মাদেইরা, লিসবন, মাদিদ্র, নিউ ইয়র্ক, মাররাকেশ ও প্যারিসে তার হোটেল আছে। রোনালদোর ম্যানচেস্টারের এই উদ্যোগের সঙ্গে আছে পর্তুগিজ প্রতিষ্ঠান ‘পেস্তানা’। হোটেলটির নাম হবে ‘সিআর সেভেন পেস্তানা’। জানা গেছে ১৫১টি বেডরুমের এই হোটেলটি ২০২৩ সালে যাত্রা করবে। নির্মাণ ব্যয় হবে ২৭ মিলিয়ন পাউন্ড। হোটেলের সঙ্গেই থাকবে একটা পানশালা, ক্যাফে ও উন্নত মানের জিম।
