ডিএসইর ওয়েবসাইট ভোগান্তির কারণ অনুসন্ধানে বিএসইসির তদন্ত কমিটি

আপডেট : ২৪ আগস্ট ২০২০, ২১:৪৭

ইত্তেফাক রিপোর্ট

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট ও লেনদেন পদ্ধতিতে ভোগান্তির কারণ অনুসন্ধানে ছয় সদস্যের কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মো. মুস্তাফিজুর রহমানকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটি ওয়েবসাইট ও লেনদেন পদ্ধতিতে ভোগান্তির কারণ অনুসন্ধানের পাশাপাশি শেয়ারবাজারে তার প্রভাব ও দায়ী ব্যক্তিকে খুঁজে বের করবে। একই সঙ্গে ভবিষ্যতে এজাতীয় সমস্যা রোধের উপায় জানাবে। এ কমিটিকে তদন্ত ও রিপোর্ট জমা দেওয়ার জন্য সাত কার্যদিবস সময় বেঁধে দেওয়া হয়েছে। এর আগে গত ১৮ আগস্ট বিকালে আপডেট ভার্সনের ওয়েবসাইট উদ্বোধন করে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ইউনুসুর রহমান। ঐ উদ্বোধনের পরে ১৯ ও ২০ আগস্ট ভোগান্তিতে পড়েন বিনিয়োগকারীরা।