লেনদেন শুরুর দিনই ‘হল্টেড’ এক্সপ্রেস ইনসিওরেন্স

আপডেট : ২৪ আগস্ট ২০২০, ২১:৪৮

ইত্তেফাক রিপোর্ট

লেনদেনের প্রথম দিনেই শেয়ার                দাম সর্বোচ্চ বেড়ে হল্টেড হয়েছে সাধারণ বিমা কোম্পানি এক্সপ্রেস ইনসিওরেন্স। দাম বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করলেও যাদের কাছে কোম্পানিটির শেয়ার আছে তাদের কেউ বিক্রি করতে রাজি হচ্ছেন না। ফলে কোম্পানিটির শেয়ারের বিক্রেতা উধাও হয়ে গেছে।

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলন করা এক্সপ্রেস ইনসিওরেন্সের শেয়ার আজ সোমবার থেকে শেয়ারবাজারে লেনদেন শুরু হয়েছে। শুরুতে ১৩ টাকা ৬০ পয়সা দরে কোম্পানিটির ১০             হাজার শেয়ার কেনার প্রস্তাব আসে।  তবে এই দামে কেউ বিক্রি করতে রাজি হননি।

এর পর ১৩ টাকা ৯০ পয়সা, ১৪ টাকা, ১৪ টাকা ১০ পয়সা, ১৪ টাকা ২০ পয়সা, ১৪ টাকা ৫০ পয়সা, ১৪ টাকা ৭০ পয়সা, ১৪ টাকা ৮০ পয়সা, ১৪ টাকা ৯০ পয়সা এভাবে বেড়ে সর্বশেষ ১৫ টাকা করে ৬ কোটি ৬৫ লাখ ৭৮ হাজার ৯০২টি শেয়ার কেনার প্রস্তাব আসে। এতেই দাম বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করে। তবে এর পরও কোনো বিনিয়োগকারী তাদের কাছে থাকা কোম্পানিটির শেয়ার বিক্রি করতে রাজি হননি। ফলে ক্রেতা থাকলেও শেয়ার বিক্রেতা শূন্য হয়ে পড়েছে।