পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতা
পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লাখনির পুলিশ ফাঁড়িসংলগ্ন প্রথম শ্রেণির ঠিকাদার মেসার্স মানিক ট্রেডার্সের অফিসে হামলা-ভাঙচুর ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
বড়পুকুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে ঠিকাদার সামসুল আলমের দায়েরকৃত অভিযোগে বলা হয়, কয়লা খনি বাজারে তার অফিসে গত রবিবার দুপুরে ফুলবাড়ী উপজেলার গৌরীপাড়া গ্রামের বাসিন্দা থাই গ্লাস ব্যবসায়ী মো. রানা আহম্মেদ, নবাবগঞ্জ উপজেলার শালঘরিয়া গ্রামের বাসিন্দা রনি রহমান কাজের হিসাবনিকাশ করতে আসেন। কিন্তু হিসাবনিকাশ নিয়ে তাদের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। এ সময় মো. রানা আহম্মেদকে পুনরায় কাজের হিসাব করতে বললে তিনি সামসুল আলমের ওপর ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তিনি টেবিলের ওপর রাখা অ্যাস্ট্রে তুলে সামসুল আলমের দিকে ছুড়ে মারেন। তবে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে টেবিলে পড়লে টেবিলের গ্লাস ভেঙে চুরমার হয়ে যায়। মো. রানা অফিসের লোহার চেয়ার তুলে সেটি দিয়েও তাকে মারার চেষ্টা করেন। একপর্যায়ে রানা টেবিলে থাকা ১ লাখ ৯০ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে দ্রুত অফিস থেকে পালিয়ে যান। ফুলবাড়ী উপজেলার মধ্য সুলতানপুর গ্রামের বাসিন্দা রং ব্যবসায়ী ছোটন শাহ, কাজীপাড়া গ্রামের মোস্তাফিজুর রহমান, নবাবগঞ্জ উপজেলার কুশদহ গ্রামের আনোয়ার হোসেন জানান, ঘটনার সময় তারা সেখানে উপস্থিত ছিলেন। বড়পুকুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সুলতান মাহামুদ জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
