বিশেষ প্রতিনিধি
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘জেনারেল জিয়া ও বেগম জিয়া—দুই জনেই হত্যার রাজনীতির পথে হেঁটেছেন।’ গতকাল জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচারের রায় কার্যকর করার দাবিতে’ আওয়ামী হকার্স লীগ আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন। এর আগে সকালে আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে বনানী কবরস্থানে আইভি রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করা, দেশকে আবার পরাধীনতার দিকে নিয়ে যাওয়ার লক্ষ্যেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। হত্যাকাণ্ডের মূল কুশীলব ছিল খন্দকার মোশতাক এবং জিয়াউর রহমান। আর ২১ আগস্ট হত্যাকাণ্ডের মূল হোতা তারেক রহমান। সে সময় প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। অর্থাত্ দুই হত্যাকাণ্ডেই একই পরিবার যুক্ত। তাই আজ জনগণের দাবি হচ্ছে—শুধু তারেক রহমানের বিচার হলে হবে না, বেগম খালেদা জিয়াকেও ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি করতে হবে’।
বাংলাদেশ আওয়ামী হকার্স লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জাকারিয়া হানিফের সভাপতিত্বে কমিটির যুগ্ম আহ্বায়ক মো. জাহেদ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল ও ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী প্রমুখ বক্তব্য রাখেন।
