ডা. সাবরিনাকে জেলগেটে দুদকের জিজ্ঞাসাবাদ

আপডেট : ২৪ আগস্ট ২০২০, ২২:৩৪

জাতীয় হূদেরাগ ইনস্টিটিউটের কার্ডিয়াক সার্জন ও জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা শারমিন হুসাইন ওরফে সাবরিনা আরিফ চৌধুরীকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার সকাল সাড়ে ১০ থেকে দুপুর ২টা পর্যন্ত কেরানীগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় কারাগারের গেটে (জেলগেটে) জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের উপপরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা সেলিনা আখতার মনি তাকে জিজ্ঞাসাবাদ করেন।

করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে গত রবিবার ডা. সাবরিনার স্বামী আরিফুল হক চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করে দুদক।

উল্লেখ্য, গত ২০ আগস্ট আদালত ডা. সাবরিনাসহ ছয় জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় দুদককে। সাবরিনা ও আরিফুল ছাড়া অন্যরা হলেন, তাদের সহযোগী আ স ম সাঈদ চৌধুরী, হুমায়ুন কবির ওরফে হিমু ও তার স্ত্রী তানজীনা পাটোয়ারী এবং প্রতিষ্ঠানটির ট্রেড লাইন্সেসের স্বত্বাধিকারী জেবুন্নেছা রিমা। প্রত্যেকেই বর্তমানে কারাগারে আটক রয়েছেন।

দুদক সূত্র জানায়, জাতীয় হূদেরাগ ইনস্টিটিউটের কার্ডিয়াক সার্জন ডা. সাবরিনা আরিফ চৌধুরীর বিরুদ্ধে সরকারি চাকরিতে বহাল থেকে তার স্বামী আরিফ চৌধুরীর সহায়তায় প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে করোনা রোগীদের নমুনা সংগ্রহপূর্বক ১৫ হাজার ৪৬০টি ভুয়া মেডিক্যাল রিপোর্ট প্রস্তুত ও সরবরাহ করে সরকারের মোট ৮ কোটি টাকা হাতিয়ে নেওয়াসহ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।