মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের তিন মাসেরও কম সময় বাকি। এরই মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পকে ছেড়ে যাচ্ছেন তার শীর্ষ উপদেষ্টা কেলিয়ান কনওয়ে। এমনকি তার স্বামী জর্জ কনওয়েও লিংকন প্রজেক্ট ছাড়ার কথা জানিয়েছেন। তারা দুই জনই পারিবারিক কারণে সরে যাচ্ছেন বলে জানিয়েছেন। খবর সিএনএনের
কেলিয়ান কনওয়ে এক বিবৃতিতে জানিয়েছেন, চলতি মাসের শেষ দিকে তিনি হোয়াইট হাউজ ছাড়ছেন। তার স্বামীও একই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, আমরা আমাদের শিশুদের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছি। আমাদের চার সন্তান নতুন শিক্ষাবর্ষে পা রাখতে যাচ্ছে। অন্তত কয়েক মাস ধরে তাদের বাসা থেকে ক্লাস করতে হবে। দেশের লাখ লাখ মা-বাবা জানেন যে তাদের সন্তানদের বাড়ি থেকে ক্লাস করতে হচ্ছে। কারণ, এটা এখন অস্বাভাবিক সময়। আর ট্রাম্পবিরোধী রিপাবলিকানদের দ্বারা প্রতিষ্ঠিত লিংকন প্রজেক্ট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথাও এক বিবৃতিতে জানিয়েছেন জর্জ কনওয়ে। পরিবারকে আরো বেশি সময় দিতেই এই সিদ্ধান্ত বলে জর্জ কনওয়ে জানান।
