ভারতে কংগ্রেস দলের নেতৃত্বে সোনিয়া গান্ধীই থাকছেন। আগামী ছয় মাস তিনি দলের অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্ব সামলাবেন। গতকাল সোমবার সাত ঘণ্টার ওয়ার্কিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর এনডিটিভির
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং আপাতত সোনিয়া গান্ধীকে সভাপতি হিসেবে কার্যভার সামলাতে প্রস্তাব পেশ করেন। এর আগে রবিবার দলকে চিঠি দিয়ে সোনিয়া গান্ধী জানিয়েছিলেন যে তিনি আর সভাপতির পদে থাকতে চান না। একটি সূত্র জানিয়েছে, এর আগে কংগ্রেসের ২০ জনেরও বেশি প্রবীণ নেতা একটি চিঠি দিয়ে দলের জন্য পূর্ণ সময়ের সভাপতি নিয়োগের দাবি জানান। তার পরেই জল্পনা তুঙ্গে ওঠে যে, সোনিয়া গান্ধী এখন পদত্যাগ করবেন নাকি নতুন সভাপতির সন্ধানে দলকে সময়সীমা দেবেন। এরপর দ্রুত সিদ্ধান্ত নিতে ভার্চুয়াল বৈঠকে বসে কংগ্রেসের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটি।
