চট্টগ্রামে মুক্তিযোদ্ধা সংসদের মানববন্ধনে দুর্বৃত্তদের হামলা

আপডেট : ২৪ আগস্ট ২০২০, ২২:৩৭

চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গতকাল সোমবার মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আয়োজিত মানববন্ধনে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় মুক্তিযোদ্ধা-সাংবাদিকসহ ১২ জন আহত হয়েছেন। এই হামলার জন্য চট্টগ্রামের বাঁশখালীর আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে দায়ী করা হয়েছে ভুক্তভোগীদের পক্ষ থেকে।  জানা যায়, বাঁশখালীতে প্রয়াত মুক্তিযোদ্ধা আলী আশরাফকে রাষ্ট্রীয় সম্মাননা না দেওয়া এবং মুক্তিযোদ্ধাদের নিয়ে এমপি মোস্তাফিজুর রহমানের কিছু মন্তব্যের প্রতিবাদে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর ও জেলা শাখা যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর আহমেদ। মানববন্ধন শুরুর কিছুক্ষণ পর ২৫ থেকে ৩০ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে এসে হামলা চালায়। এ সময় হামলাকারীদের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের পক্ষে স্লোগান দিতে শোনা যায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করে।

হামলায় আহতদের মধ্যে রয়েছেন মুক্তিযোদ্ধা মোজাফফর আহমেদ, আবুল হাশেম, আবু তাহের, আজিমুল ইসলাম ভেদু ও আব্দুর রাজ্জাক, বাঁশখালীর প্রয়াত মুক্তিযোদ্ধা আলী আশরাফের ছেলে জহির উদ্দিন বাবর ও জয়নাল আবেদীন, সাহেদ মুরাদ সাকু, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ ও চ্যানেল আইয়ের ক্যামেরা পারসন মো. নবাব আছেন। বাবর ও নবাবের মাথা ফেটে গেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর সংক্ষিপ্ত আকারে সমাবেশ ও মিছিল করে মানববন্ধন আয়োজকেরা। জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মো. কামরুজ্জামান বলেন, ‘মারামারির ঘটনা শুনে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে আনে। হামলার ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।’