স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানে অভিন্ন আইন

আপডেট : ২৪ আগস্ট ২০২০, ২২:৩৮

স্থানীয় সরকার প্রতিষ্ঠান যথা—সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদ ও জেলা পরিষদের নির্বাচন পরিচালনার জন্য অভিন্ন আইন করছে নির্বাচন কমিশন (ইসি)। ইতিমধ্যে এ আইনের প্রাথমিক খসড়াও চূড়ান্ত করেছে কমিশন সচিবালয়। খসড়া এ আইনের নাম দেওয়া হয়েছে স্থানীয় সরকার প্রতিষ্ঠান নির্বাচন আইন, ২০২০। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আইনগুলো হালনাগাদে কমিশন গঠন করছে সরকার। এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদনের জন্য সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে রয়েছে।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিবের উদ্ধৃতি দিয়ে সোমবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর সাংবাদিকদের এ তথ্য জানান। প্রধান নির্বাচন  কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সভাপতিত্বে সোমবার কমিশন সভায় উত্থাপিত স্থানীয় সরকার নির্বাচন আইন-২০২০ এর খসড়া নিয়ে আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দেশে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের পাঁচটি পৃথক আইন রয়েছে, সেগুলো হলো—স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯, উপজেলা পরিষদ আইন-১৯৯৮, জেলা পরিষদ আইন-২০০০, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ ও স্থানীয় সরকার (পৌরসভা) আইন-২০০৯। এই আইনগুলোয় নির্বাচন পরিচালনার জন্য বিভিন্ন অধ্যায় ও ধারা সংযুক্ত রয়েছে। ঐসব আইন থেকে নির্বাচন সংক্রান্ত বিধানাবলি আলাদা করতে স্বতন্ত্র আইন করা হচ্ছে। অভিন্ন স্থানীয় সরকার নির্বাচন আইন-২০২০ প্রসঙ্গে ইসির সিনিয়র সচিব বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আলাদা আইন রয়েছে। ঐ আইনগুলোর নির্বাচনিসংক্রান্ত যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো পাঁচটি আইনে আলাদা করে না রেখে ঐগুলোকে একটি আইনের মধ্যে নিয়ে আসতে একটি আইন তৈরির পরিকল্পনা কমিশন গ্রহণ করেছে। ইসি সচিব বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে আমাদের কথা হয়েছে তারাও তাদের আইনগুলোকে হালনাগাদ করতে একটি কমিশন গঠন করবে। এ সংক্রান্ত একটি প্রস্তাব সরকারে ঊর্ধ্বতন পর্যায়ে রয়েছে।  এই আইন প্রণয়নে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আইনগুলোতে পরিবর্তনের প্রয়োজন পড়বে না মন্তব্য করে সচিব মো. আলমগীর বলেন, এই আইনের কারণে ঐ আইনগুলো সংশোধনের তেমন একটা প্রয়োজন পড়বে না।