লুটপাটের কারণেই রাষ্ট্রায়ত্ত পাটকলে লোকসান

আপডেট : ২৪ আগস্ট ২০২০, ২২:৩৮

রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর লোকসানের মূল কারণ মন্ত্রণালয়, বিজেএমসির দুর্নীতি-লুটপাট ও পরিচালনায় ভুলনীতি বলে মন্তব্য করেছেন নাগরিক নেতারা। তারা বলেছেন, পাটকল বন্ধের উদ্দেশ্য রাষ্ট্রের মালিকানাধীন সম্পদ লুটপাট। তাই পিপি লিজ বা ব্যক্তিমালিকানায় নয়, রাষ্ট্রের মালিকানাতেই পাটকলগুলো পরিচালনা করতে হবে। পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের উদ্যোগে গতকাল সোমবার বেলা ১১টা থেকে দুই ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচিতে নেতৃবৃন্দ এসব কথা বলেন। নগরীর খালিশপুর নতুন রাস্তার মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট কুদরত-ই খুদার সভাপতিত্বে এবং সদস্যসচিব এস এ রশীদের পরিচালনায় সমাবেশে বক্তৃতা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সদস্য সরদার রুহিন হোসেন প্রিন্স, পরিষদের যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা আইনজীবী আ ফ ম মহসীন, ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) কেন্দ্রীয় সদস্য মোজাম্মেল হক, সমাজতান্ত্রিক দল-বাসদের খুলনা জেলা সমন্বয়ক  জনার্দন দত্ত নাণ্টু, ইউনাইটেড কমিউনিস্ট লীগ খুলনা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য আনিসুর রহমান মিঠু, সিপিবি খুলনা মহানগরের সভাপতি এইচ এম শাহাদাত্, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার প্রমুখ।