বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় যোগাযোগ ব্যাপক উন্নয়ন হলেও যতটা প্রচার হওয়ার কথা ছিল, ততটা হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান। গতকাল ভারতীয় হাইকমিশনের আয়োজনে বাংলাদেশে কর্মরত ভারতীয় শীর্ষ নির্বাহীদের সঙ্গে এক আলাপচারিতায় তিনি বলেন, যখন দুই দেশের মধ্যে যোগাযোগ ঘটে তখন অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পায়। এটি দুই দেশের মধ্যে প্রতিযোগিতার সম্পর্ক নয়, বরং একে অপরের সহযোগী হওয়ার বিষয়। আর ভারতের ক্ষেত্রে কথা আরো বেশি প্রযোজ্য। কেননা, দুই দেশের মধ্যে এক ঐতিহাসিক সম্পর্ক বিদ্যমান। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কেবল ভাতৃপ্রতিম বা বন্ধুত্বপূর্ণ নয়, এটি আরো গভীর সম্পর্ক। বিশেষ করে বাংলাদেশ সৃষ্টিতে ভারতের ভূমিকার কারণে। বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ অনুষ্ঠান সঞ্চালনা করেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বাংলাদেশে কর্মরত ভারতীয় প্রতিষ্ঠানগুলোর এক ডজনেরও বেশি শীর্ষ নির্বাহী অনুষ্ঠানে অংশ নেন।
