চকরিয়ার সেই মা ও দুই মেয়ের জামিন তিন যুবক গ্রেফতার

আপডেট : ২৪ আগস্ট ২০২০, ২২:৪৩

 ‘গরু চুরির অভিযোগে’ কারাগারে থাকা মা-মেয়ে তিন জনের জামিন মঞ্জুর করেছে আদালত। গতকাল সোমবার দুপুরে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজীব কুমার দেব তাদের জামিন মঞ্জুর করেন। এদিকে নির্যাতনের ঘটনায় স্বপ্রণোদিত হয়ে মামলা করেছে আদালত। নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে।

আদালত জানিয়েছে, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলার আগামী ধার্য তারিখ পর্যন্ত জামিন বহাল থাকবে। জামিনপ্রাপ্তরা হলেন পারভিন আক্তার (৫৫), তার দুই মেয়ে সেলিনা আক্তার সেলী (২৫) ও রোজিনা আক্তার (২০)। অপর দুই জনের জামিন হয়নি।  

গরু চুরির অভিযোগে মা-মেয়েকে রশি দিয়ে বেঁধে নির্যাতনের ঘটনায় স্বপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছেন চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপারকে সাত কার্যদিবসের মধ্যে মামলার বিষয়ে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন বিচারক রাজিব কুমার দেব।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোর রাত ৩টার দিকে তাদের হারবাং এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন হারবাং বিন্দারবানখীল এলাকার মাহবুবুল হকের (গরু চুরি মামলার বাদী) ছেলে নজরুল ইসলাম (১৯), ইমরান হোসেনের ছেলে জসিম উদ্দিন (৩০) ও জিয়াবুল হকের ছেলে নাছির উদ্দিন (২৮)।