ময়ূরকে খাওয়ানোর ভিডিও নিজের টুইটার একাউন্টে পোস্ট করে আবারও আলোচনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার বিকালে ভিডিওটা পোস্ট করেন তিনি। ইউটিউবেও একই ভিডিও পোস্ট করে তিনি তার ক্যাপশন দেন, ‘মূল্যবান মুহূর্ত’। ঐ ভিডিওতে দেখা যাচ্ছে, কীভাবে তার বাসভবনে ময়ূর-ময়ূরীদের নিজের হাতে খাওয়াচ্ছেন প্রধানমন্ত্রী। সাত নম্বর জনকল্যাণ মার্গের সুবিশাল বাংলোর প্রশস্ত বাগানে তিনি হেঁটে যাচ্ছেন, ময়ূর পেখম তুলে তার আশেপাশে নেচে বেড়াতে দেখা যাচ্ছে ভিডিওতে।
নানা সময়ে নিজের টুইটার একাউন্টে বিভিন্ন ধরনের পোস্ট করেন নরেন্দ্র মোদি। এবার তেমনই একটি ভিডিও পোস্ট করে আলোচনার জন্ম দিয়েছেন তিনি। এই ভিডিও নিয়ে দেশটির বিরোধী রাজনৈতিক দলগুলোর কেউ কেউ সমালোচনা করছেন। ১৯৭২ সালে দেশের পার্লামেন্টে পাশ হওয়া বন্যপ্রাণী আইন অনুযায়ী ময়ূর একটি বিপন্ন প্রাণী এবং বাড়িতে ময়ূর পোষা সম্পূর্ণ বেআইনি।
আরজেডির এমপি ও দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মনোজ ঝা’ ময়ূরদের খাওয়ার ভিডিও প্রসঙ্গে বলেন, বর্তমানে আমাদের অর্থনীতির অবস্থা খুব সঙ্গিন। রোজ প্রায় সত্তর হাজার নতুন করোনা রোগী শনাক্ত হচ্ছে, মারাও যাচ্ছে হাজারখানেম মানুষ। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী কীভাবে এ ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারেন। —বিবিসি
