করোনায় ঢাকা মেডিক্যালের নার্সিং সুপার ভাইজারের মৃত্যু

আপডেট : ২৫ আগস্ট ২০২০, ০০:৪৩

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নার্সিং সুপার ভাইজার মারা গেছেন। তার নাম সাহিদা আক্তার (৫৬)। গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে তিনি চিকিত্সাধীন অবস্থায় ঢামেকের আইসিইউতে মারা যান। তিনি ঢাকা মেডিক্যালের করোনা ইউনিটের নার্সিং সুপার ভাইজার হিসেবে কর্মরত ছিলেন। মৃত সাহিদা দুই মেয়ে এক ছেলের জননী ছিলেন। তার স্বামীর নাম আবু সাঈদ।

সাহিদার মেয়ে ইসরাত জাহান জানান, তার মা করোনা আক্রান্ত হয়ে গত ১৭ আগস্ট থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিত্সাধীন ছিলেন। সেখানে চিকিত্সাধীন অবস্থায় দুপুরে মারা গেছেন।

বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের ঢামেক শাখার সভাপতি কামাল হোসেন পাটোয়ারী ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জুয়েল জানান, সাহিদা ঢামেক বার্ন ইউনিটের করোনা ইউনিটের সুপার ভাইজার হিসেবে কর্মরত ছিলেন। করোনার প্রথম থেকেই তিনি চিকিত্সাসেবা দিচ্ছিলেন। দায়িত্বরত অবস্থায় করোনার উপসর্গ দেখা দেয় তার। এরপর পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। করোনা পজিটিভ হওয়ায় ১৭ আগস্ট ঢাকা মেডিক্যালের আইসিইউতে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে তিনি মারা যান।

তিনি আরো জানান, ঢাকা মেডিক্যালে করোনা রোগীদের চিকিত্সা শুরুর পর থেকে দায়িত্বরত অবস্থায় প্রায় সাড়ে ৫০০ নার্স করোনা আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে এখনো ১৫০ জনের মতো চিকিত্সাধীন, হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। বাকিরা সবাই কাজে যোগ দিয়েছেন। এই প্রথম করোনা আক্রান্ত হয়ে ঢামেকের নার্স মারা গেলেন।

ঢাকা মেডিক্যাল হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন জানান, এই প্রথম আমাদের একজন সহকর্মী হাসপাতালে করোনায় মারা গেলেন। আমরা খুবই মর্মাহত। তার আত্মার মাগফেরাত কামনা করছি।