বঙ্গবন্ধু সরকার প্রণীত আইনগুলো বাতিল না করার সিদ্ধান্ত মন্ত্রিসভার

আপডেট : ২৫ আগস্ট ২০২০, ০০:৪৪

মন্ত্রিসভা গতকাল স্বাধীনতা পরবর্তী বঙ্গবন্ধু সরকারের আমলে প্রণীত আইনগুলো বাতিল না করার এবং প্রয়োজনীয় সংশোধনীর মাধ্যমে ঐ সময়ের আইনগুলো হালনাগাদ বা নবায়ন করা যেতে পারে বলে সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, ‘১৯৭২ সাল থেকে ১৯৭৫ সালের ১৫ আগস্টের মধ্যে যেসব আইন প্রণয়ন করা হয়েছিল সেগুলোর পরিবর্তে নতুন কোনো আইন করা হবে না। তবে প্রয়োজনীয় ক্ষেত্রে সেগুলোর সংশোধন করা যেতে পারে।’ আনোয়ারুল ইসলাম বলেন, জনগণ, রাজনৈতিক ও শাসন পদ্ধতি গবেষকরা যেন এই ব্যাপারে একটি সুস্পষ্ট ধারণা পায় যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে কীভাবে স্বাধীনতা উত্তর সরকার নতুন একটি দেশকে পরিচালিত করেছে সেজন্যই মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নিয়েছে।